onubad লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
onubad লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৯ ফেব, ২০১৬

রুমী কবিতা (উনবিংশ কিস্তি)

 

* * * * * *
আত্মাকে শোনার ক্ষমতা দিয়ে যে কান দান করা হয়েছে তা এমন কিছু শুনতে পায় মন যা বুঝতেও পারে না।~জালালুদ্দিন রুমী

* * *  * * *
অন্যদের জীবনের ঘটনাগুলো কেমন করে ঘটেছে, অন্যদের গল্প শুনে সন্তুষ্ট হয়ে যেয়ো না। নিজ জীবনের লুকিয়ে থাকা কল্পকাহিনীর পর্দা উন্মোচিত করো।~জালালুদ্দিন রুমী

* * *  * * * 
তোমার হৃদয়টাকে ততক্ষণ পর্যন্ত ভাঙ্গতে থাকো যতক্ষণ পর্যন্ত তা না খুলে যায়।~জালালুদ্দিন রুমী

* * *  * * *
তুমি যা ভালোবাসো, সেটাই তো তুমি। ~জালালুদ্দিন রুমী

* * *  * * *
খোদাকে এমনভাবে স্মরণ করো, যেন তোমার নিজেকেই ভুলে যাও। যাকে স্মরণ করা হচ্ছে আর যে স্মরণ করছে, তারা উহ্য হয়ে যাক; তুমি মিশে যাও খোদার স্মরণের মাঝে। ~জালালুদ্দিন রুমী

* * * * *
এমন একটা  গোপন ঔষধ আছে যা শুধু তাদেরকে দেয়া হয় যারা এতটা বেশি আহত হয় যে তারা আর আশা করতে পারে না। ~ জালালুদ্দিন রুমী


* * * * *
মরে যাওয়া আর চলে যাওয়ার মাঝে অনেক পার্থক্য। সূর্য অস্ত যায়, চাঁদ ডুবে যায় ঠিকই। কিন্তু তারা তো আর চলে যায় না। ~জালালুদ্দিন রুমী


* * * * *
তুমি আমার পথ,
তুমিই আমার গন্তব্য।
আর কিছু বোলো না।

~জালালুদ্দিন রুমী

৩ ফেব, ২০১৬

[অনুবাদ] পাওলো কোয়েলহো # ২

 




* * * * * * * *
যাদুতে এবং আমাদের জীবনে শুধু একটা জিনিসই বর্তমান, তা হলো-- এই মূহুর্তটি।

আপনি সময়কে কখনো দুইটি বিন্দুর দুরত্বের মতন করে মাপতে পারবেন না, সময় কখনো দুরত্ব পার হয় না।

আমরা মানুষরা বর্তমানের উপরে মনোযোগ দিতে সীমাহীন সংগ্রামের মধ্যে থাকি। কেননা, আমরা চিন্তা করতে থাকি আমরা কী করেছিলাম, কী করলে আমাদের অতীতটা আরো ভালো হতে পারতো, কী কী করে ফেলার কারণে আমাদের জীবনের এই অবস্থা, যা করার দরকার ছিলো, সেটা আমরা কেন করিনি....

~ পাওলো কোয়েলহো

* * * * * * * *
স্বপ্নের পেছনে ছুটে চললে কিছু মূল্য দিতে হয়। সেই মূল্যটি হতে পারে আমাদের কিছু অভ্যাসকে পরিবর্তন করা, হতে পারে এর ফলে কিছু কষ্টসাধ্য কাজের মধ্য দিয়ে যাওয়া, অথবা হতে পারে চেষ্টার পরেও আশাহত হওয়া। স্বপ্ন দেখা যতই চড়া মূল্যের লোকসানের কাজ হোক না কেন, যারা স্বপ্ন দেখেনা তাদের লোকসানের তুলনায় স্বপ্নচারীদের লোকসানের তুলনাই চলে না। ~পাওলো কোয়েলহো


* * * * * *
অনেক সময় আমরা যে জীবনধারায় চলছি সেভাবে সেভাবেই চলতে এতটাই মত্ত হয়ে থাকি যে অনেক সুন্দর সুন্দর সম্ভাবনাকে আমরা প্রত্যাখ্যান করে ফেলি তা স্রেফ এই কারণে যে আমরা জানিনা সে সুযোগ দিয়ে কী করা যেতে পারে।~পাওলো কোয়েলহো

 * * * * * *
সোজা রাস্তায় দক্ষ চালক গড়ে ওঠে না। ~ পাওলো কোয়েলহো

* * * * * *
কুঠার ভুলে যায় আঘাতের কথা, গাছ তা ভোলে না। ~ পাওলো কোয়েলহো
 

১৯ জানু, ২০১৬

বিদায় ২০১৫ : পাওলো কোয়েলহো


বিদায় ২০১৫
সবাইকে জানতে হয় কখন কোনো একটা পর্যায় শেষ হয়। যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি সময় তাকে থাকার জন্য যদি আমরা জোর খাটাই, আমরা শান্তি হারিয়ে ফেলবো। আরো হারাবো সেই পর্যায়টির মধ্য দিয়ে যাওয়ার কারণে যা শেখা যায় সে ব্যাপারগুলোকেও।

কোনো একটি পর্যায়ের শেষ, দরজা বন্ধ হওয়া, অধ্যায়ের পরিসমাপ্তি — যে নামটিই আমরা দেই না কেন, যা গুরুত্বপূর্ণ তা হলো জীবনের যে মূহুর্তগুলো শেষ হয়ে গেলো, তাদের ছেড়ে দেয়া।

আপনি কি চাকরিটা হারিয়েছেন? ভালোবাসার সম্পর্কটি শেষ হয়ে গেছে? বাবা-মায়ের বাড়িটি ছেড়ে আসতে হয়েছে? দেশ ছেড়ে প্রবাসে গিয়েছেন? দীর্ঘকাল ধরে চলা বন্ধুত্বের সম্পর্কটি হঠাৎ শেষ হয়ে গেছে?

আপনি দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারবেন কেন এমনটা হলো তা ভাবতে ভাবতে।

আপনি নিজেকে নিজে বলতেই পারেন– যে জিনিসটি আপনার জীবনে এতটা দৃঢ়ভাবে ছিলো, এতটা গুরুত্বপূর্ণ ছিলো তা হঠাৎ করে কেন এমন করে ধূলিস্মাত হয়ে গেলো তার কারণ উদঘাটন না করে আপনি আর একটি পদক্ষেপও দিবেন না সামনের দিকে।

কিন্তু এমন আচরণ আপনার সাথে জড়িয়ে থাকা সবগুলো মানুষকে তীব্র কষ্টের মাঝে রাখবে – আপনার বাবা-মা, আপনার স্বামী কিংবা স্ত্রী, আপনার ভাই-বোন, সন্তান, বন্ধুদের।

সবাই তাদের নিজ অধ্যায়গুলো শেষ করে চলেছে, নতুন পাতা উল্টেছে, জীবনে সবাই যখন এগিয়ে চলেছে তখন আপনাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখলে সবার খারাপ লাগবে।

সবকিছুই পেরিয়ে যায়। সবচেয়ে  ভালো যে কাজটি আপনি করতে পারেন তা হলো সত্যিকারভাবে পার হয়ে যেতে দিন।

সে কারণেই যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ (যত কষ্টেরই হোক না কেন) তা হলো স্মৃতিগুলো ধ্বংস করে ফেলা। এগিয়ে চলুন, এতিমদের অনেক কিছু দান করুন, আপনার কাছে থাকা বইগুলো বিক্রি করুন নয়ত উপহার দিয়ে দিন।

আপনি যা কিছু দেখতে পান, তার সবকিছুই অদৃশ্য জগতের একটা স্পষ্ট প্রতিচ্ছবি– তাই কিছু স্মৃতিদের হাত থেকে নিজেকে মুক্তি দেয়া মানে অন্যান্য স্মৃতিদের সেখানে কিছু জায়গা করে দেয়া।

যা কিছু যাবার যেতে দিন। মুক্তি দেন সেগুলোকে। নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে নিন। জীবনকে কেউ কখনো স্পষ্ট করে বুঝতে পারে না; তাই আমরা কখনো জয়ী হই এবং কখনো হেরে যাই।

কোন কিছুর বিনিময় চেয়ে কাজ করবেন না, আশা করবেন না আপনার কাজগুলো প্রশংসিত হবে। তেমনি আশা করবেন না আপনার প্রতিভার স্ফূরণ হবে, আপনার ভালোবাসা কেউ বুঝতে পারবে।

আপনার আবেগের টেলিভিশনে একই অনুষ্ঠান একটানা বারবার করে দেখা বন্ধ করুন যেখানে আপনি দেখতে পান কেমন করে আপনার একটা ক্ষত হয়েছিলো আর তাতে আপনি কতটাই না ভুগেছেন– এমন ব্যাপার তো আপনাকে শুধুই বিষাক্ত করে চলেছে, আর কিছুই নয়।

আপনার ভালোবাসার যে সম্পর্কটি ভেঙ্গে গেছে, তাকে গ্রহণ করতে না পারার মতন ভয়ংকর ব্যাপার তো আর নেই। তেমনই ভয়ংকর হলো এমন কাজ যার কোন শুরু হবার তারিখ নেই, এমন সিদ্ধান্ত যা সবসময় ‘উপযুক্ত মূহুর্তটির’ জন্য ঝুলিয়ে রাখা হয়।

একটা নতুন অধ্যায় শুরু করার আগে আগেরটা শেষ হতে হয়। নিজেকে বলুন যে যা চলে গেছে তা আর ফিরে আসবে না। নিজেকে সেই সময়টার কথা মনে করিয়ে দিন যখন আপনি সেই মানুষটি কিংবা সেই জিনিসগুলো ছাড়াই আপনি বেঁচে থাকতে পারতেন — কোনো কিছুই তো অপূরণীয় নয়। একটা অভ্যাস তো আর অভাব নয়। হয়ত কথাটি বেশি সরল শোনাচ্ছে, হয়ত ব্যাপারটি খুব বেশি কঠিন, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ।

কিছু চক্র বন্ধ হয়। তা কোন অহংকার, অযোগ্যতা, দম্ভের জন্য নয় বরং স্রেফ তা আপনাকে সাথে আর যায় না। দরজা বন্ধ করুন, স্মৃতিখাতাকে বদলে ফেলুন, ঘরদোর পরিষ্কার করুন, ধুলোবালি ঝেড়ে ফেলুন।

আপনি যা ছিলেন তা থেকে বদলে আপনি প্রকৃতপক্ষে যা , সেটিই হয়ে যান।

—– পাওলো কোয়েলহো

২৬ নভে, ২০১৫

[অনুবাদ] পাওলো কোয়েলহো # ১

 

* * * * * *
পৃথিবী আপনার বক্তব্য আর মতামত দিয়ে কোনদিন বদলাবে না। পৃথিবী বদলায় আপনার কাজ দিয়ে যে দৃষ্টান্ত আপনি তৈরি করেন তা দিয়ে।~পাওলো কোয়েলহো

* * * * * *
জীবনকে হয় দীর্ঘ নয়ত সংক্ষিপ্ত বলে মনে হয় যা নির্ভর করে আপনি জীবনে কেমন করে বেঁচে থাকতে চেয়েছেন তার উপরে।~ পাওলো কোয়েলহো

* * * * * *
পৃথিবীর কোন কিছুই পুরোপুরি ভুল নয়। এমনকি পড়ে থাকা নষ্ট ঘড়িটাও দিনে দু'বার সঠিক সময় দেয়। ~পাওলো কোয়েলহো

* * * * * *
পেছনের দিনে কেউ যেতে পারে না, কিন্তু সবাই সামনে এগিয়ে যেতে পারে। তাই আগামীকাল যখন সূর্য উঠবে তখন নিজেকে আপনার বলতে হবে, আজকের দিনটিকে আমি আমার জীবনের প্রথম দিন হিসেবে মনে করবো।~পাওলো কোয়েলহো

* * * * * *
সবাইকে দেখলে যেন মনে হয় অন্যদের কেমন করে জীবন যাপন করা উচিত সেই সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা আছে, কিন্তু কারোই তো তার নিজের জীবন-যাপন নিয়ে পরিষ্কার ধারণা নেই। ~পাওলো কোয়েলহো [দি-আলকেমিস্ট] 

* * * * * *
আমরা যখন ভালোবাসি, তখন চেষ্টা করি নিজেকে আরো উন্নত করার। যখন নিজেকে উন্নত করার সাধনা করি, তখন আমাদের চারপাশের সবকিছুও উন্নত হয়ে যায়।  ~পাওলো কোয়েলহো

* * * * * *
নিজের ভেতরের শিশুটির হাত চেপে ধরুন কেননা শিশুদের কোন অসম্ভব কাজ করতেই আটকায় না। ~পাওলো কোয়েলহো

* * * * * *
কোন কিছু করতে দ্বিধা হলে তা করে ফেলুন। আপনি সবসময় পরে আফসোস করতে পারবেন। ~পাওলো কোয়েলহো

* * * * * *
আপনার সবচেয়ে ভয়ংকর শত্রু যেন আপনার দুই কানের মমধ্যবর্তী জায়গায় বসবাস না করে তা নিশ্চিত করুন।~পাওলো কোয়েলহো

* * * * * *
অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় উত্তর। ~পাওলো কোয়েলহো

* * * * * *
আপনি যখন 'বিদায়' জানানোর মতন সাহসী হবেন, দেখবেন জীবন আপনাকে নতুন করে 'স্বাগত' জানিয়ে পুরষ্কার দেবে। ~পাওলো কোয়েলহো

* * * * * *
"স্বপ্নকে সত্য হওয়াকে অসম্ভব করে ফেলার পেছনে যে একমাত্র কারণটি কাজ করে তা হলো ব্যর্থতার ভয়।"~পাওলো কোয়েলহো

* * * * * *
অপেক্ষা করা কষ্টকর, ভুলে যাওয়া কষ্টকর। কিন্তু ঠিক কী করতে হবে তা না জানা হলো সবচেয়ে বেশি কষ্টকর ভোগান্তি। ~পাওলো কোয়েলহো

৮ নভে, ২০১৫

একগুচ্ছ অনুবাদ [৭]


পাবলো নেরুদা  /কার্ল জাং / কাহলিল জিবরান

* * * *
কোন একদিন কোন একখানে নিশ্চিতভাবেই আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন, আর সেই মুহূর্ত, হ্যা, সেই মুহূর্তটিই আপনার জীবনের সবচেয়ে সুখময় অথবা তিক্তকর মুহূর্ত হতে পারে। ~পাবলো নেরুদা

* * * *
তুমি হয়ত গাছ থেকে সবগুলো ফুল কেটে ফেলতে পারো কিন্তু তুমি বসন্তের আগমন রুধতে পারবে না। ~ পাবলো নেরুদা

* * * * *
আসুন আমরা অনেক উদারতা নিয়ে সেই মানুষগুলোকে ভুলে যাই যারা আমাদের ভালোবাসতে পারেনি। ~পাবলো নেরুদা

* * * * *
আর ডিসেম্বর ও জানুয়ারির মাঝামাঝি যে মাসটি পড়েছে, তার নাম কী? ~পাবলো নেরুদা

 * * * *
একাকীত্ব তো এমন নয় যে আপনার চারপাশে কোন মানুষ নেই। বরং একাকীত্ব হলো আপনি যে জিনিসগুলোকে জীবনে গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলোর সাথে আপনার যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে না পারা। ~কার্ল জাং

* * * * * *
যতই নিজের গভীর থেকে গভীরে লক্ষ্য করবেন, আপনার দৃষ্টি ততই স্বচ্ছ হবে। যে বাইরের পৃথিবীর দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে, সে তো স্বপ্নের মাঝে ডুবে থাকে। যে নিজের ভেতরটায় মনোযোগ দেয়, সে মানুষটাই জেগে ওঠে।~কার্ল জাং
 
* * * * * *
গতকালের দিনটি আজকের স্মৃতি এবং আগামীকালের দিনটি আজকের স্বপ্ন।~ কাহলিল জিবরান

* * * * * *
"যে চাঁদ কবিদের কবিতা লিখতে উদ্বুদ্ধ করে, সেই একই চাঁদ কি শান্ত সমুদ্রকে প্রচন্ড গর্জনে ক্ষেপিয়ে তুলে না?
~ কাহলিল জিবরান

* * * * * * 
বাতাসের কাছে কোন গোপন কথা বলার পরে সে যদি গাছকে বলে দেয় তাহলে তুমি বাতাসকে দোষ দিতে পারো না। ~ কাহলিল জিবরান

* * * * * *
"বুড়োরা সবকিছু বিশ্বাস করে, মধ্যবয়স্করা সবকিছুকে সন্দেহ করে আর তরুণেরা সবকিছু জানে!" ~অস্কার ওয়াইল্ড

* * * * * *
"তিনি বলেছিলেন, তোমার শত্রুকে ভালোবাসো। আমি যখন এই আদেশ পালন করতে গেলাম তখন আমি আমাকেই ভালোবাসতে লাগলাম।" ~কাহলিল জিবরান


৯ সেপ, ২০১৫

শামস তাবরিজি [২]


* * * * * *
ভালোবাসা ছাড়া জীবন হলো স্রেফ আবর্জনার মতন।

"আমি কি আত্মিক, নাকি বস্তুগত, নাকি শারীরিক ভালোবাসার দিকে মন দিবো?"

এসব প্রশ্ন করতে যেয়ো না। বৈষম্য তো কেবল বৈষম্যেরই জন্ম দেয়। ভালোবাসার জন্য এসব নানান রকম নাম, বিভাজন অথবা সংজ্ঞার প্রয়োজন নেই। হয় তুমি ভালোবাসার মাঝেই আছ, একদম কেন্দ্রে। নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছ, এই দুরত্বের হাহাকার বুকে নিয়ে।

~শামস তাবরিজি

* * * * * *
জীবনে তোমার যা-ই হোক না কেন, কখনো হতাশ হয়ে পড়ো না। এমনকি সবগুলো দরজাও যদি বন্ধ হয়ে যায়, একটি গোপন পথ তুমি খুঁজে পাবে যার হদিস কেউ জানেনা। তুমি হয়ত এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু এই পথের শেষে জান্নাতের অনেকগুলো বাগান আছে। কৃতজ্ঞ হও! তুমি যা চাও তা পাওয়ার পর শুকরিয়া করা তো সহজ, বরং যা চাইছ তা পাওয়ার আগেই শুকরিয়া করো।

~ শামস তাবরিজি

* * * * * * *
তুমি কি ভবিষ্যতের দিকে চেয়ে আছ জান্নাত-জাহান্নাম দেখতে? অথচ তোমার বর্তমানের মাঝেই রয়েছে সেগুলো। যখন তুমি কোন চুক্তি, যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে, তখন তুমি জান্নাত খুঁজে পাবে। যখন তুমি ঘৃণা আর মারামারিতে জড়িয়ে থাকবে, তুমি খুঁজে পাবে জাহান্নাম।

~শামস তাবরিজি

* * * * * * *
আল্লাহর বান্দারা তো কখনো ধৈর্যহারা হয় না। কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত বাকা চাঁদটির পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে। ~শামস তাবরিজি

৮ সেপ, ২০১৫

একগুচ্ছ অনুবাদ [৬]

 

* * * * *
আমরা যদি নিজেদের আন্তরিকভাবে জিজ্ঞাসা করি, কোন মানুষটি আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে খুঁজে পাবো সেইসব মানুষদের যারা আমাদেরকে উপদেশ, সমাধান, পরামর্শ দেয়ার পরিবর্তে আমাদের কষ্টগুলোর কথা শুনে দুঃখগুলো ভাগাভাগি করে নিয়েছিলেন এবং তাদের উষ্ণ হাতে আমাদের ক্ষতস্থানে হাত বুলিয়ে দিয়েছিলেন।

আমাদের যেসব বন্ধুরা আমাদের সংশয় কিংবা বিষণ্নতার সময়ে নিশ্চুপ হয়ে পাশে থাকতে পারে, যারা আমাদের কষ্ট ও বেদনাবিধুর সময়ে আমাদের সাথে থাকতে পারে, যারা আমাদের সহ্য করতে পারে জ্ঞানহীনতা, দুর্বলতা, অসুস্থতার সময়ে, যারা আমাদের মুখোমুখি হতে পারে আমাদের সত্যিকারের ক্ষমতাহীনতাকে দেখে, তারাই আমাদের প্রকৃত বন্ধু।

[Henri J.M.Nouwen-এর উদ্ধৃতির আলোকে]

 * * * *
সংবেদনশীলতা জীবন উপস্থিত থাকার একটি চিহ্ন। কঠিন হৃদয়ের মানুষ হয়ে যাওয়ার চেয়ে হৃদয়ে আঘাত পাওয়া ভালো। আমি সেইসব মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা খুব কঠিন সময়েও তাদের হৃদয়কে উন্মুক্ত রাখেন, যারা তাদের হৃদয়কে যতটুকু আবৃত রাখতেই হয় তার চেয়ে বেশি সময় তা ঢেকে রাখতে অনাগ্রহ বোধ করেন, যারা চিনতে পারেন সাহস লুকিয়ে আছে দুর্বলতার গভীরেই। অমঙ্গলকারী যুদ্ধবাজরা যখন নিজেদেরকে শেষ করে ফেলবে তখন এই হৃদয় উন্মুক্ত রাখা মানুষগুলোই পৃথিবীকে অধিকার করবে। ~ জেফ ব্রাউন

* * * * *
যদি কিছু পছন্দ না হয়, সেটাকে বদলে ফেলো। যদি তা বদলে ফেলতে না পারো, তাহলে সেটির ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। ~ মায়া আঞ্জেলো

* * *
"আপনার সৃষ্টিশীলতার পুরোটা আপনি ব্যবহার করতে পারবেন না। যতই সৃষ্টি করবেন, ততই অর্জন করবেন।"~ মায়া অ্যাঞ্জেলো
 
* * * * *
আমি আমাকে যা মনে করি আমি তা নই। তুমি আমাকে যা মনে করো আমি তা নই। বরং তুমি আমাকে যা মনে করো বলে আমি মনে করি, সেটাই আমি।
~ থমাস কুলি [ইন্সক্রিপশন: প্রেইরি পোয়েট্রি]

* * * * *
কোন কিছুর জন্যই অপেক্ষা না করা প্রচন্ড ভয়ংকর একটা ব্যাপার।
~ এরিক মারিয়া রেমার্ক [থ্রি কমরেডস]

* * * * *
আমরা যা কিছু শুনি তার সব বাস্তবতা নিয়, বরং মতামত।
আমরা যা কিছু দেখি তার সবই সত্য নয়, বরং দৃষ্টিভংগি।
~মার্কাস অরেলিয়াস
 
* * * * * *
একটা সুউচ্চ পাহাড় আরোহণের পর থেকে একজন মানুষের চোখে আরোহণ করার মতন আরো অনেক পাহাড় চোখে পড়ে। ~নেলসন ম্যান্ডেলা

* * * * * *
 যখন খুব অন্ধকার হবে, তখন তুমি তারাদের স্পষ্ট করে দেখতে পাবো। ~রালফ ওয়ালডো এমারসন

* * * * * * * *
আমার পেছনে থেকো না, আমি হয়ত নেতৃত্ব দিতে পারবো না।
আমার সামনে থেকো না, আমি হয়ত অনুসরণ করবো না।
আমার পাশে পাশে থেকো, আমার বন্ধু হয়ে।
~ আলবেয়ার কামুস

১৫ আগ, ২০১৫

একগুচ্ছ অনুবাদ [৫]



* * * * *
অহংবোধের মূল উদ্দেশ্য কোন কিছু দেখতে পাওয়া নয় বরং কোন কিছু হতে পারা। ~ আল্লামা মুহাম্মাদ ইকবাল

* * * * *
যেসব মানুষের তাদের চিন্তার পদ্ধতির উপরে কোন নিয়ন্ত্রণ নেই, তারা সম্ভবত তাদের চিন্তার স্বাধীনতার কারণে ধ্বংস হয়ে যাবে। যদি চিন্তাগুলো হয় অপরিপক্ক, তখন চিন্তার স্বাধীনতা মানুষদেরকে পশুতে পরিণত করার প্রক্রিয়াতে পরিণত হয়ে যায়। ~ আল্লামা মুহাম্মাদ ইকবাল

* * * * *
আপনি আপনার চিন্তাগুলো তৈরি করেন, আপনার চিন্তাগুলো তৈরি করে আপনার চাওয়া। আপনার চাওয়াগুলো তৈরি করে আপনার বাস্তবতা। ~ড ওয়েইন ডেয়ার

* * * * *
হাসুন। হাসির পুরোটাই শান্তিময়।~ড. তারিক রামাদান

* * * * *
আমার পরস্পর যোগাযোগের মাধ্যমগুলো যতই বৃদ্ধি পেতে থাকে, আমরা ততই কম যোগাযোগ করি। -যোসেফ প্রিসলি

* * * * *
সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ চাবি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস অর্জনের একটি গুরুত্বপূর্ণ চাবি হলো পূর্বপ্রস্তুতি।~আর্থার অ্যাশ

* * * * *
নিজের চোখ দিয়ে দেখে এবং নিজ হৃদয় দিয়ে অনুভব করে এমন মানুষ তো খুবই কম। ~আলবার্ট আইনস্টাইন

* * * * *
ভবিষ্যত তো তাদের হাতে মুঠোয় যারা তাদের স্বপ্নের সৌন্দর্যেকে বিশ্বাস করে। ~ইলিনর রুজভেল্ট

* * * * * *
"মানুষজনের সম্পর্কে যত বেশি ভালো করে জানি, আমার কুকুরটিকে আমি ততই ভালোবাসতে থাকি।" ~ মার্ক টোয়েন

* * * * * *
"জীবনের ভুলগুলো হলো অনভিজ্ঞতা এবং জ্ঞানের মধ্যবর্তী সংযোগ পথ।" ~ মার্ক টোয়েন

* * * * * *
যে জিতে সে কখনো হাল ছেড়ে দেয় না। যে হাল ছেড়ে দেয় সে কখনো জিতে না। ~ ন্যাপোলিয়ন হিল

* * * * * *
প্রতিদিন এমন একটি কাজ করো যা করতে তুমি সাহস পেতে না।~ ইলিনর রুজভেল্ট

* * * * * *
যখন সবকিছু তোমার বিপরীতে যায়, তখন মনে রাখবে বিমান কিন্তু মাটি ছেড়ে আকাশে ওঠার সময় বাতাসের বিপরীতেই কাজ করে, একই দিকে নয়।~ হেনরি ফোর্ড

* * * * * *
তখনই আসলে একটা কাজ পুরোপুরি শুরু হয় যখন মানুষ কথা বলা ছেড়ে কাজে ব্যস্ত হয়।~ ওয়াল্ট ডিজনি

* * * * * *
আপনার না করা ১০০ টি চেষ্টাই ব্যর্থ হয়েছে।~ ওয়েইন গ্রেটস্কি

* * * * * *
"কেবলমাত্র আঁধারের মাঝেই তুমি তারাদের জ্বলতে দেখতে পাবে।"~ মার্টিন লুথার কিং

১৯ মে, ২০১৫

হাফিজের কবিতা [২]



​তোমার সমস্ত কষ্ট, দুশ্চিন্তা, দুঃখগুলো কোন একদিন এসে দুঃখপ্রকাশ করবে এবং ক্ষমাপ্রার্থনা করবে যে তারা সবাই নিতান্ত মিথ্যা ছিলো। ~হাফিজ

* * *
একটি দিনের জন্য, কেবল একটি দিনের জন্য,
এমন বিষয়ে কথা বলো যা কাউকে বিরক্ত করবে না
এবং যা শান্তির স্পর্শ বয়ে আনবে
তোমার সুন্দর চোখগুলোয়।
~ হাফিজ, পারস্যের কিংবদন্তী কবি

* * *
আমরা যা বলি তা হয়ে যায় আমরা যে ঘরটিতে বাস করছি সেই নীড়।~ হাফিজ

* * *
সচেতন হৃদয় তো আলো ঢেলে দেয়া আকাশটার মতন।~ হাফিজ

* * *
এই অজস্র শব্দমালার মূলে কী?
একটাই জিনিস: ভালোবাসা।
কিন্তু এই গভীর ও মিষ্টি ভালোবাসার উচিত তার নিজেকে সুঘ্রাণ, সুললিত শব্দ ও অনন্য রঙ দিয়ে প্রকাশ ঘটানো যা আগে কোনদিন ছিলো না।
~ হাফিজ

* * *
দৌড়ে পালাও বন্ধু
এমন সব কিছু থেকে
যারা  তোমার মূল্যবান সুপ্ত ডানাকে
হয়ত আরো শক্তিশালী করে না।
~ হাফিজ

* * *
তোমার বেঁচে থাকাকে আনন্দময় করে এমন যেকোন কিছুর কাছাকাছি থাকো। ~ হাফিজ

* * *
আমি শিখেছি প্রতিটি হৃদয় তো সেটাই পাবে
যা পাওয়ার জন্য সে সবচেয়ে বেশি প্রার্থনা করে।
~ হাফিজ

* * *
চলে এসো প্রিয়,
সেই নির্মম পৃথিবী থেকে
যা তোমার স্নিগ্ধ মুখে
ধূলিকণার বৃষ্টি ঝরিয়েছে।
~ হাফিজ

* * *
প্রতিটি প্রাণ
আমাদের কাছ থেকে উপহার পাওয়া উচিত
তার সাহসিকতার জন্য!
~ হাফিজ

একগুচ্ছ অনুবাদ [৪]



 লাও যু/ দালাইলামা

* * * * * * * *
তুমি যদি বিষণ্ণ হও, তুমি আসলে অতীত নিয়ে পড়ে আছো।
তুমি যদি উদ্বিগ্ন হও, তুমি ভবিষ্যত নিয়ে বেঁচে আছো।
তুমি যদি সুখী হও, তুমি বর্তমানের মাঝে আছো।
~ লাও যু, প্রাচীন চৈনিক দার্শনিক


* * * * * * * *
কারো গভীর ভালোবাসা পাওয়া তোমাকে দিবে শক্তি, অন্যদিকে কারো প্রতি গভীর ভালোবাসা তোমাকে দিবে সাহস।
~লাও যু [প্রাচীন চৈনিক দার্শনিক]

* * * * * * * *
সুখের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো রাগ ও অন্তরের প্রশান্তি কখনো একসাথে থাকতে পারে না। ~দালাইলামা

* * * * * * * *
শিশুদেরকে স্কুল লেভেল থেকেই শিক্ষা দেয়া উচিত যে, সমস্যা সমাধান করার জন্য জোরজবরদস্তি ও আক্রমণ করা একটি অর্থহীন নিস্ফল পদক্ষেপ। ~দালাইলামা


* * * * * * * *
সহিষ্ণুতার অনুশীলন করা শিখতে একজন ব্যক্তির শত্রুই তার সবচেয়ে বড় শিক্ষক। ~দালাইলামা

* * * * * * * *
তুমি যাকে ভালোবাসো তাকে উড়ে যাবার ডানা দাও, ফিরে আসার শেকড় দাও, থেকে যাবার কারণ দাও। ~দালাইলামা

* * * * * * * *আপনি যখন কথা বলেন, তখন আপনি ইতোমধ্যে যা জানেন সেই কথাটিরই পুনরাবৃত্তি করেন। কিন্তু আপনি যদি শোনেন, তাহলে আপনি হয়ত নতুন কিছু শিখতে পারবেন। ~দালাইলামা

১৮ মে, ২০১৫

১০টি চীনা প্রবাদ যা অনেক কিছুকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখিয়ে দেবে


নদীর স্রোতধারার গভীরতা মাপতে যেয়ে কখনো দু'টি পা-ই ডুবিয়ো না।

যে ফুল উপহার দেয়, তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে।

পাখি এই কারণে গান গায় না যে সে কোন প্রশ্নের উত্তর জানে। পাখি গান গায় কারণ তার একটি গান আছে।

ধীরগতিতে বড় হবার কারণে ভয় পেয়ো না, ভয় করো স্থির হয়ে দাঁড়িয়ে থাকাকে।

২১ এপ্রি, ২০১৫

অনুপ্রেরণা - ৭


[কথাগুলো বিভিন্ন অনলাইন উৎস থেকে সংগৃহীত ও অনূদিত]

​* * *
​আপনার জীবনের সুখ আপনার চিন্তার সৌন্দর্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। উত্তম, সুন্দর ও ইতিবাচক চিন্তা করুন।

* * *
কৃতজ্ঞতা আরো বেশি প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত করে। জীবনে যা পেয়েছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকুন। সেগুলো না পেলেও আপনার কিছু করার ছিলো না।

* * *
অন্ধকারে ডুবে গেলে আলোর মর্ম বুঝি আমরা। কঠিন সময়ের মুখোমুখি হলে টের পাই আমরা কতটা শান্তিতে ছিলাম। সবসময় কৃতজ্ঞ থাকা উচিত।

২৯ ডিসে, ২০১৪

সেই সময়ে আমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য হাতে অনেক সময় থাকতো

অনেকদিন আগের কথা...

যখন 'উইন্ডো' ছিলো ঘরের জানালার চারকোনা ফাঁকা জায়গা এবং 'অ্যাপ্লিকেশন' ছিলো কাগজের উপরে কিছু লেখা। যখন 'কীবোর্ড' ছিলো একটি পিয়ানো এবং 'মাউস' ছিলো একটি প্রাণী। যখন 'ফাইল' ছিলো গুরুত্বপূর্ণ অফিসিয়াল বস্তু এবং 'হার্ড ড্রাইভ' ছিলো অশান্তিময় পথযাত্রা, যখন 'কাট' করা হতো ছুরি দিয়ে এবং 'পেস্ট' করা হতো আঠা দিয়ে। যখন 'ওয়েব' ছিলো  মাকড়শার জাল এবং 'ভাইরাস' ছিলো ফ্লু। যখন অ্যাপেল এবং ব্ল্যাকবেরি ছিলো শুধুই ফল...

সেই সময়ে আমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য হাতে অনেক সময় থাকতো।

[শাইখ যাহির মাহমুদের ফেসবুক পেজ থেকে অনূদিত, ২৩ আগস্ট, ২০১৪]

ঐ পারেতে সর্বসুখ বোকাদের বিশ্বাস


এক বনে এক কাক বাস করতো।
কাকটি তার জীবন নিয়ে খুবই সন্তুষ্ট ছিল। কিন্তু একদিন সে একটি রাজহাঁস দেখতে পেল...
কিন্তু কথায় আছে, "নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস।" কাকটি ভাবলো, আহা! রাজহাঁস কতই না সুন্দর!  নিশ্চয়ই সে এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কাকটি তার এই ভাবনার কথা রাজহাঁসকে জানালো।

রাজহাঁস জবাব দিলো, "আসলে, আমি ভাবতাম আমিই বুঝি এখানকার সবচেয়ে সুখী পাখি যতক্ষণ না আমি একটি টিয়াকে দেখলাম... টিয়ার গায়ে আছে দু'ধরনের রং। তাই এখন আমি মনে করি, টিয়াই হলো সৃষ্টির মাঝে সবচেয়ে সুখী পাখি।"

কাক এরপর গেল টিয়ার কাছে। টিয়া তাকে বললো, "আমি ছিলাম খুব খুব সুখী, যতক্ষণ না আমি ময়ূরকে দেখতে পেলাম...... আমার গায়ে তো মাত্র দু'টি রং, আর ময়ূরের শরীরে কত বর্ণেরই না সমাহার!"

কাক এরপর চিড়িয়াখানায় গেল ময়ূরের সাথে দেখা করতে। সেখানে সে দেখতে পেল, ময়ূরকে দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছে।  সবাই চলে যাওয়ার পর, কাক ময়ূরের কাছে গেল--
"ও ময়ূর, তুমি দেখতে কতই না সুন্দর! তোমাকে দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায়। আর আমি? আমাকে দেখলেই মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। তুমি নিশ্চয়ই জগতের সবচেয়ে সুখী পাখি।"

ময়ূর জবাব দিলো,
"আমিও ভাবতাম, আমিই বোধহয় এই গ্রহের সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি। কিন্তু এই সৌন্দর্যের কারণে আমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আমি এই চিড়িয়াখানা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং বুঝতে পেরেছি কাকই হচ্ছে একমাত্র পাখি যাকে কখনোই খাঁচায় বন্দি করা হয় না।তাই গত ক'দিন যাবত আমি ভাবছি, ইশ! আমি যদি কাক হতাম, তাহলে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারতাম।"

....................
এটাই হলো আমাদের সমস্যা।
আমরা অহেতুক অন্যদের সাথে নিজেদের তুলনা করি আর দুঃখ পাই।
আল্লাহ আমাদের যা দিয়েছেন,আমরা তার কোন গুরুত্ব দিই না। এভাবে আমরা সকলেই দুঃখের দুষ্টচক্রে পড়ে ঘুরপাক খেতে থাকি।

তাই স্রষ্টা আপনাকে যা দিয়েছেন, তার গুরুত্ব দিয়ে, সুখী হওয়ার গোপন রহস্যটা বুঝতে শিখুন আর অহেতুক অন্যদের সাথে তুলনায় নিয়ে নিজে অসুখী হওয়াকে দূরে ছুড়ে ফেলুন।

* * * * * * *
শাইখ যাহির মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংগৃহীত।
অনুবাদ কৃতজ্ঞতা: ইমরান হেলাল]

২৬ ডিসে, ২০১৪

অনুপ্রেরণা - ৬


[ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি ফেসবুক পেইজ থেকে সংগৃহীত ও অনুবাদকৃত]

* * *
আল্লাহ আপনার সাথে থাকার অর্থ এই নয় যে আপনার সমুদ্র যাত্রাতে বড় কোন ঢেউ কাঁপাবে না। আল্লাহ সাথে থাকার মানে হলো, এমন একট জাহাজে চড়ে বসা যা কোন ঝড়ই ডুবাতে পারবে না।

* * *
ঔদ্ধত্য ও অহংকারের কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিলো। খেয়াল রাখবেন এই কারণগুলো যেন আপনার জান্নাতে ঢোকা থেকে বঞ্চিত হবার কারণ না হয়।

২০ অক্টো, ২০১৪

তরুণ কবির কাছে লেখা চিঠি : রেইনার মারিয়া রিলকা


​​​এই পোস্টের কথাগুলো বিখ্যাত ঔপন্যাসিক রেইনার মারিয়া রিলকার লেখা 'লেটার্স টু আ ইয়াং পোয়েট' নামক গ্রন্থটি থেকে বেছে নেয়া কিছু অংশমাত্র। পুরো চিঠিটি পড়তে চাইলে ক্লিক করুন এখানে। অনুবাদ করেছি আমি, মাঝে মাঝে কথাগুলো পড়তে বেশ লাগে! 

জীবনের যেসব বিষয় নিয়ে হিসাব-নিকাশ মেলেনি, সেগুলোর ব্যাপারে ধৈর্য ধরুন। সেই উত্তর-না-পাওয়া প্রশ্নগুলোকেই ভালোবাসতে চেষ্টা করুন, যেমন করে আপনি গ্রহণ করে থাকেন বন্ধ দরজার একটি ঘর অথবা ভিনদেশি ভাষায় লেখা কোন একটা বই। এখনই সব উত্তর খুঁজতে ব্যস্ত হবেন না। আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর এখন দেয়া হবে না কেননা সেসব জেনে আপনি ঠিকভাবে বাঁচতে পারবেন না। তাছাড়া, এই বিষয়গুলো হলো অভিজ্ঞতার পথ দিয়ে যাওয়া। জীবনের এই দিনগুলোতে আপনার এই প্রশ্নগুলো বুকে নিয়েই বাঁচতে হবে। হয়ত, সময়ের সাথে কোন একদিন, আপনি নিজের অজান্তেই ধীরে ধীরে প্রশ্নগুলোর উত্তর জেনে যাবেন।
~রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * * * *
নিজের বেড়ে ওঠার গোটা সময়টাতে তুমি ধীরস্থিরভাবে এবং সতর্কভাবে বেড়ে ওঠো। যখন কেবল সম্ভবত নিজের ভেতরের গভীরতম অনুভূতিগুলো তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে পারে তখন অন্যদের দিকে তাকিয়ে এবং অন্য কোথাও থেকে উত্তর খোঁজার মাঝে নিজের বেড়ে ওঠার ক্ষেত্রে চরম ক্ষতি মনে হয় আর হতে পারে না।
~রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * * * *
অতএব প্রিয় বন্ধু আমার, যদি কখনো এমন দুঃখ-কষ্ট এসে তোমাকে জর্জরিত করে ফেলে যারা তোমার গোটা জীবনে পাওয়া কষ্টগুলোর চেয়েও বড়, যা তোমার সমস্ত কাজের উপরে কষ্টের ছায়া বিছিয়ে দেয়, কখনো ভীত হয়ে যেয়ো না। তোমাকে অবশ্যই ভাবতে হবে যে তোমার ভেতরে কিছু ঘটে চলেছে; মনে রেখো জীবন তোমায় ভুলে যায়নি; সে তোমাকে তার হাতে আঁকড়ে ধরেছে এবং তোমাকে পড়ে যেতে দেবে না। তুমি কেন তোমার জীবন থেকে অস্বস্তি, অশান্তি, ব্যথা, বিষণ্ণতাকে দূর করে দিতে চাইবে যখন তুমি জানই না তারা এসে তোমারই ভেতরে কী দারুণ সব অর্জনকে পূর্ণ করে চলেছে?
-- রেইনার মারিয়া রিলকা ['লেটার্স টু আ ইয়াং পোয়েট' বই থেকে অনূদিত]

* * * * * *
যারা আপনাকে সাধারণ কিছু স্নিগ্ধ ও শান্ত কথা বলে একটুখানি স্বস্তি এনে দিতে চেষ্টা করেন, তাদের দেখে  এমনটা ভেবে বসবেন না যে তাদের জীবনটা যন্ত্রণাবিহীন। তার জীবনেও দুঃখ-কষ্ট এবং যন্ত্রণা থাকতে পারে যা হয়ত আপনার চাইতেও বেশি। যদি তেমনটা না-ই হতো, তাহলে তিনি এমন কিছু শব্দ কখনো খুঁজে পেতেন না।
~রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * * * *
এমন এক ভালোবাসাতে বিশ্বাস করুন যা আপনার জন্য জমা আছে যেমন থাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ। দৃঢ় বিশ্বাস রাখুন সেই ভালোবাসার মাঝে এমন সুবিশাল শক্তি আর আশীর্বাদ আছে যার মাঝে আপনি যত ইচ্ছা তত ঘুরে বেড়াতে পারবেন এবং সেই ভালোবাসার বৃত্ত থেকে বাইরে পা দেয়ার দরকারই আপনার হবে না। [রেইনার মারিয়া রিলকার উদ্ধৃতি অনুসরণে]

* * * * * *
কোন মানুষের সাথে আপনার সর্বশেষ কথোপকথন যা হয়েছিলো, তিনি কেবলই সেই মানুষটি নন। বরং, প্রকৃতপক্ষে আপনার সাথে তার গোটা সম্পর্কটি জুড়ে তিনি আপনার সাথে যেমন ছিলেন সেটিই তিনি।~রেইনার মারিয়া রিলকা

* * * * * *
আপনার প্রতিদিনের জীবন যদি খুব সেকেলে ও আনন্দহীন হয়, তাহলে দিনকে দোষ দিবেন না, বরং নিজেকে দোষারোপ করুন। নিজেকে বলুন যে আপনি এমন ভালো  একজন কবি নন যে দিনের ঐশ্বর্য থেকে কিছু পরিমাণ বের করে নিয়ে আসতে পারে। স্মরণ রাখবেন, স্রষ্টার কাছে অভাব বলতে কিছু নেই, যেমন নেই কোন আনন্দহীন জায়গা।
-- রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * * * *
আমার কাছে দু'জন মানুষের সম্পর্কের বন্ধন ভালো রাখার জন্য যে জিনিসটা সবচেয়ে বড় কাজ বলে মনে হয় তা হলো: পরস্পরের নির্জনতার একাকীত্বের হাত থেকে পরস্পরকে আগলে রাখা।
~ রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * * * *
একটা উত্তম বিয়ে সেটাই যেখানে দু'জন তাদের পরস্পরকে নিজ নিজ একাকীত্বের অভিভাবক বানিয়ে দেয়। ~ রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * * * *
খেয়াল রাখুন কোন কিছুর স্রেফ বাইরের আবরণ যেন আপনাকে বিভ্রান্ত না করে।
~ রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * * * *
জীবনে যা ঘটেছে তা থেকে খুব দ্রুত কোন সিদ্ধান্ত নিতে যেয়োনা, স্রেফ পেরিয়ে যেতে দাও সময়টাকে। তা না হলে অতীতকে অভিযোগের চোখে দেখাটা খুব সহজ হয়ে যাবে। অথচ তোমার বর্তমানে তুমি যা কিছুর সাথে পরিচিত হয়ে চলেছ, তারা খুব স্বাভাবিকভাবে এই অতীতের সাথে সম্পর্কিত।
~রেইনার মারিয়া রিলকা [লেটার্স টু আ ইয়াং পোয়েট]

* * * *
কোন মানুষের সাথে আপনার সর্বশেষ কথোপকথন যা হয়েছিলো, তিনি কেবলই সেই মানুষটি নন। বরং, প্রকৃতপক্ষে আপনার সাথে তার গোটা সম্পর্কটি জুড়ে তিনি আপনার সাথে যেমন ছিলেন সেটিই তিনি।~রেইনার মারিয়া রিলকা

২৫ সেপ, ২০১৪

অনুপ্রেরণা - ৫


* * *
হাল ছাড়বেন না! ভালো কিছু হতে সময় লাগেই...

* * *
ঠিক যেই মূহুর্তে আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আসলে সবকিছুকেই হারিয়ে ফেলি এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাই।

* * *
প্রচন্ড কঠিন, দুর্যোগময়, কষ্টকর সময়েও একজনের পক্ষে শান্তি খুঁজে পাওয়া সম্ভব যদি তিনি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করেন

* * *
যে মানুষটার সাথে আমরা ভালো হবার প্রতিযোগিতা করতে পারি সে হলো আমাদের গতকালকের আমি।

* * *
জ্ঞানী মানুষেরা সবসময় চুপ থাকেন না, কিন্তু তারা জানেন কখন চুপ থাকতে হয়।

* * *
যে আল্লাহর সামনে হাঁটু গেঁড়ে সিজদাহ করতে পারে সে সবার সামনে দৃঢ় হয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে।

* * *
দুশ্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকের শান্তিটুকু দূর করে দিবে।

১৮ সেপ, ২০১৪

অনুপ্রেরণা - ৪


ইসলাম পালনের মানে এই না যে আমরা আনন্দ ও উৎসব করতে পারবো না। ইসলাম আমাদের সব রকমের আনন্দের সুযোগ দিয়েছে কিন্তু তা হতে হবে যাবতীয় পাপকাজ মুক্ত।

* * *
দোয়া করা ছাড়বেন না। যতই আশাহীন আর কঠিন লাগুক সময়। বিশ্বাস রাখুন। আল্লাহ নিশ্চয়ই প্রশান্তি লাভের ব্যবস্থা করে দেবেন।

 * * *
সুন্দর একটা দিন শুরু করার চাবি হলো ফজরের সলাত।

 * * *
আল্লাহর জন্য বাঁচা -- এই কথাটির মানে হলো আপনি কী সেই ব্যাপারে কম খেয়াল করে আল্লাহ আপনাকে কেমন করে চান সেই বিষয়েই বেশি মন দেয়া।

 * * *
দুনিয়ার প্রতি ভালোবাসা আপনাকে আখিরাত ভুলিয়ে দেবে।

 * * *
হে আল্লাহ! আমার অন্তরকে দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত করে আখিরাতের সাথে যুক্ত করে দেন। আমীন।

 * * *
যখন আপনি যেভাবে ভেবেছিলেন সেভাবে জীবনের ঘটনাগুলো না ঘটে তখন আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। নিশ্চয়ই আপনার ব্যাপারে তার উত্তম পরিকল্পনা আছে।

 * * *
বারবার তাওবা করতে স্মরণ করিয়ে দিন নিজেকে। যতবারই ভুল করে ফেলুন না কেন, মনে রাখবেন আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন।

 * * *
দোয়ার শক্তির ব্যাপারে আশা হারিয়ে ফেলবেন না! মনে রাখবেন আল্লাহ আপনার সমস্ত দোয়াই কবুল করেন যতক্ষণ তা আপনার জন্য কল্যাণকর হয়।

 * * *
হৃদয় ভেঙ্গে যাওয়ার কষ্টগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমার হৃদয়ে ভালোবাসার সর্বোচ্চ আসনে আল্লাহ ছাড়া এই পৃথিবীর অন্য কোন কিছুকেই বসিয়ে দেয়া উচিত নয়।

 * * *
যখন আপনার জীবনে আল্লাহ ছাড়া আর কিছুই থাকেনা, তখন উপলব্ধি করতে পারবেন আল্লাহই আপনার জন্য যথেষ্ট।

 * * *
আপনি যখন কারো জন্য দোয়া করেন তখন আপনি আসলে আপনারই উপকার করেন কেননা তখন ফেরেশতারাও আপনার জন্য সেই দোয়াটি করে।

 * * *
আপনার কাজ করার সময়টা এখনই! পরে করবেন ভেবে কিংবা আলসেমি করে অমূল্য সময়কে নষ্ট করবেন না!

 * * *
শব্দ দিয়ে অনেক কিছুকে গড়ে দেয়া যায়, আবার ধ্বংস করে দেয়া যায় অনেক কিছু, শব্দ ব্যবহারের আগে তাই খেয়াল করা উচিত।

 * * *
আপনি কষ্ট-যন্ত্রণা অথবা বিষণ্ণতায় ভুগছেন? তাহলে কুরআন পড়ুন যা সমস্যার সমাধান, সঠিক নির্দেশনা ও অন্তরের সকল রোগের চিকিৎসা দেবে।

৩০ আগ, ২০১৪

অনুপ্রেরণা -৩

​​​
 * * * আল্লাহর কাছে নিজ দুর্বলতা ও অক্ষমতাকে স্বীকার করতে লজ্জা পাবেন না কেননা আল্লাহ আপনার সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে সাহায্য করবেন।

* * *
​মনে রাখবেন, আল্লাহ ক্ষমা করতে কখনো ক্লান্ত হন না।

* * *
জ্ঞানার্জনের ​ ফলে আমাদের অনেক বেশি বিনয়ী হবার কথা। যদি জ্ঞান অর্জন আমাদেরকে উদ্ধত করে দেয় ​ তাহলে ​ আমরা কী নিয়াতে কী শিখছি তা নিয়ে চিন্তা করা দরকার।​

 * * *
প্রশান্তি খুঁজতে বরং সলাতে দাঁড়িয়ে পড়ুন।

৩ আগ, ২০১৪

গাযযাতে চলমান হত্যাযজ্ঞের ছবিগুলোর প্রতি সবাই কেমন যেন ডিসেনসিটাইজড হয়ে গেছে

​গাযযাতে চলমান হত্যাযজ্ঞের ছবিগুলোর প্রতি সবাই কেমন যেন ডিসেনসিটাইজড (অনুভূতিহীন) হয়ে গেছে...

এই ব্যাপারটাতে আমার কিছু বলার আছে! পশ্চিমে বেড়ে ওঠায় এরকম মৃত্যু আমরা কেবল মুভিতেই দেখেছি। আমরা এতো বেশি মুভি দেখেছি যে আমাদের কাছে গাযযায় চলমান হত্যাকান্ড আর ম্যুভির বিষয়টা একই মনে হয়, শুধুই যেন পর্দায় ভেসে থাকা কিছু নিথর দেহ! তাই আমরা নতুন করে ডিসেনসিটাইজড হয়ে পড়িনি, আমাদের বেশিরভাগ মানুষই অনেক আগে থেকেই এরকম বিষয়ে ডিসেনসিটাইজড হয়ে আছি। যারা আমাকে বলছেন এসব শেয়ার না করতে তাদের বলছি, আমি ভাল করেই জানি আপনাদের অবস্থান এবং আমি আপনাদের উপদেশটা মনে রাখব। দয়া করে বুঝতে চেষ্টা করুন যে আমার পেশাদারিত্ব এবং আবেগের মাঝে আমি এক টানাপোড়েনে আছি। আমি আল-শিফা হাসপাতাল সংলগ্ন রাস্তায় বড় হয়েছি। এ্যাম্বুলেন্সের সাইরেন প্রতিদিন সকালে আমাদের ঘুম ভাঙ্গিয়ে দিত। আমি ও আমার বন্ধু মিলে আল-শিফার বাগানে অনেক খেলাধূলা করেছি! এই ভয়াবহতা স্রেফ একটা ছবির দেখার অনেক ভিন্ন একটা ব্যাপার। আমি নিজের চোখে আল-শিফা হসপিটালের দরজা দিয়ে ক্ষতবিক্ষত শরীরগুলো দেখে বাসায় ফিরে খবর দেখেছি কিন্তু এ বিষয়ে কোন কিছুই পাইনি সেখানে। সংবাদ মাধ্যমগুলো গাযাতে চলমান হত্যাযজ্ঞ এমনিভাবেই চেপে যাচ্ছে ঠিক যেমন করে তারা সিরিয়া, বার্মা, পাকিস্তানে চলমান জুলুম ও নিপীড়নকে চেপে যাচ্ছে। আমি এসব দেখে প্রচন্ড ক্ষেপে গিয়েছিলাম, আমি এখনো ক্ষেপে আছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম গোটা বিশ্বকে গাযার এমন চিত্র দেখাবো যা গাযায় বসবাসকারী মানুষদের চোখগুলো প্রতিদিন দেখে। অনলাইনে হয়ত আপনারা শুধু একটা ছবিই দেখেন। কিন্তু এই ছবির পেছনে থাকে অনেকগুলো গল্প, ছবিটা কেবলই একটা মৃতদেহ নয়। একজন মানুষের দেহ থেকে যখন তার আত্মা বের হয়ে যায় তখন শুধু মানুষটিই মারা যায় না, মারা যায় ভালোবাসা, সুখ-স্বাচ্ছন্দ্য, সমবেদনা, স্বপ্ন। ছবিটি দেখতে কতটা  বীভৎস সেটিই কেবল বড় ব্যাপার নয়, বরং তিলতিল করে গড়ে ওঠা জীবনগুলোর কষ্ট ও হারানোর গল্পগুলো অনেক বড় ব্যাপার।

আমি আশা করি বুঝতে পেরেছেন।

-- মুহাম্মাদ জেয়ারা

[লেখক কাডায় জন্মগ্রহণ করা ফিলিস্তিনি বংশোদ্ভূত এক নাগরিক। তিনি চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেছেন। তিনি একজন বক্তা এবং মূলত তরুণদের প্রতি অনুপ্রেরণাদানকারী বক্তব্য রাখেন। অনলাইনে প্রকাশিত এডুকেশনাল এবং মোটিভেশনাল ভিডিওগুলোর জন্য তিনি বেশি পরিচিত। গাযযায় বেড়ে ওঠার সময়ে জীবনের ৮টি বছর তার জীবনের একটি বড় অভিজ্ঞতা। তার ফেসবুক প্রোফাইল: https://www.facebook.com/mzeyara/]