rumi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
rumi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৯ ফেব, ২০১৬

রুমী কবিতা (উনবিংশ কিস্তি)

 

* * * * * *
আত্মাকে শোনার ক্ষমতা দিয়ে যে কান দান করা হয়েছে তা এমন কিছু শুনতে পায় মন যা বুঝতেও পারে না।~জালালুদ্দিন রুমী

* * *  * * *
অন্যদের জীবনের ঘটনাগুলো কেমন করে ঘটেছে, অন্যদের গল্প শুনে সন্তুষ্ট হয়ে যেয়ো না। নিজ জীবনের লুকিয়ে থাকা কল্পকাহিনীর পর্দা উন্মোচিত করো।~জালালুদ্দিন রুমী

* * *  * * * 
তোমার হৃদয়টাকে ততক্ষণ পর্যন্ত ভাঙ্গতে থাকো যতক্ষণ পর্যন্ত তা না খুলে যায়।~জালালুদ্দিন রুমী

* * *  * * *
তুমি যা ভালোবাসো, সেটাই তো তুমি। ~জালালুদ্দিন রুমী

* * *  * * *
খোদাকে এমনভাবে স্মরণ করো, যেন তোমার নিজেকেই ভুলে যাও। যাকে স্মরণ করা হচ্ছে আর যে স্মরণ করছে, তারা উহ্য হয়ে যাক; তুমি মিশে যাও খোদার স্মরণের মাঝে। ~জালালুদ্দিন রুমী

* * * * *
এমন একটা  গোপন ঔষধ আছে যা শুধু তাদেরকে দেয়া হয় যারা এতটা বেশি আহত হয় যে তারা আর আশা করতে পারে না। ~ জালালুদ্দিন রুমী


* * * * *
মরে যাওয়া আর চলে যাওয়ার মাঝে অনেক পার্থক্য। সূর্য অস্ত যায়, চাঁদ ডুবে যায় ঠিকই। কিন্তু তারা তো আর চলে যায় না। ~জালালুদ্দিন রুমী


* * * * *
তুমি আমার পথ,
তুমিই আমার গন্তব্য।
আর কিছু বোলো না।

~জালালুদ্দিন রুমী

২১ জানু, ২০১৬

রুমী কবিতা (অষ্টাদশ কিস্তি)



* * * * *
শরীরকে কোনোদিন আত্মা থেকে আড়াল করতে কোন পর্দা দেয়া হয়নি, এমনকি কোন আত্মাকেও শরীর থেকে আড়াল করা হয়নি কখনো। তবু কখনো কোনো শরীর কোনদিন আত্মাকে দেখতে পায়নি। ~জালালুদ্দিন রুমী

* * * * *
যখন ঠোঁট দু'টো নিশ্চুপ হয়ে রয়, তখন হৃদয়ের থাকে সহস্র ঠোঁট। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
তুমি কি ভালোবাসার পথের তীর্থযাত্রী হতে চাও? প্রথম শর্ত হলো নিজেকে তোমার এতটাই বিনয়ী করতে হবে যেন তুমি স্রেফ ধুলো আর ছাই। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
প্রিয় হৃদয়! কখনো ভেবো না তুমি অন্যদের চেয়ে উত্তম। অপরের দুঃখগুলো সহানূভুতির সাথে শোনো। তুমি যদি শান্তি চাও, খারাপ চিন্তাগুলোকে মনের মাঝে রেখো না, পরনিন্দা কোরো না এবং এমন কিছু শেখাতে যেয়ো না যা তুমি জানো না। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
অর্ধেকটা জীবন হারিয়ে যায় অন্যদের খুশি করতে গিয়ে।
বাকি অর্ধেকটা হারায় অন্যদের কারণে তৈরি হওয়া দুশ্চিন্তা ও উৎকন্ঠায়।
এই খেলা ছাড়ো, যথেষ্ট খেলেছো তুমি।
~ জালালুদ্দিন রুমী

* * * * *
আমি তোমার প্রাণ জুড়াবো, আরোগ্য করবো ,
আমি তোমায় এনে দেবো গোলাপগুচ্ছ।
তবে আমিও যে ভরে আছি অজস্র কাঁটায়।
~ জালালুদ্দিন রুমী

৩০ নভে, ২০১৫

রুমী কবিতা (সপ্তদশ কিস্তি)

 

* * * * *
প্রিয় হৃদয়! কখনো ভেবো না তুমি অন্যদের চেয়ে উত্তম। অপরের দুঃখগুলো সহানূভুতির সাথে শোনো। তুমি যদি শান্তি চাও, খারাপ চিন্তাগুলোকে মনের মাঝে রেখো না, পরনিন্দা কোরো না এবং এমন কিছু শেখাতে যেয়ো না যা তুমি জানো না। ~জালালুদ্দিন রুমী

* * * * * 
আমার হৃদয় তো তোমার হাতে থাকা কলমের মতন
আমার সবকিছুই তোমার হাতে
আমাকে সুখী অথবা দুখী করে লিখতে পারো
তুমি আমার জন্য যা প্রকাশিত করো কেবল তা-ই আমি দেখি
আর যেমন করে থাকতে বলো, আমি তেমনটিই থাকি।
আমার সমস্ত অনুভূতিগুলো সেই রঙ ধারণ করে
যা তুমি রাঙ্গাতে চাও।
আদি থেকে অন্ত পর্যন্ত
তুমি ছাড়া কেউ নয়।
দয়া করো, আমার ভবিষ্যতকে
আমার অতীতের চেয়ে সুন্দর করে দাও।

~জালালুদ্দিন রুমী

* * * * *
তোমার হৃদয়ের গভীরে একটি প্রদীপ আছে, জ্বেলে দিতে তৈরি হও।
তোমার আত্মায় গহীন শূণ্যতা আছে, তাকে পূর্ণ করতে তৈরি হও।
তুমি তা অনুভব করতে পারছ, তাইনা?
~ রুমী

* * * * *
তোমার শব্দকে উঁচু করো, কন্ঠ চড়িয়ো না। কারণ, বৃষ্টিই ফুলকে প্রস্ফুটিত করে, বজ্রপাত নয়।~জালালুদ্দিন রুমী

* * * * *
আত্মাটা যখন ঘাসের ওপরে শুয়ে পড়ে,কথা বলার বিষয়ে পেতে গোটা পৃথিবীকে অনেক বেশি সমৃদ্ধ মনে হয়। ~জালালুদ্দিন রুমী

* * * * *
তোমার চোখের পাতা আমার হৃদয়ে যে কবিতা লিখবে, সে কবিতা কোন কবির কলম থেকে বের হবেনা কোনদিন। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
কিন্তু তুমি কি এমন কারো কথা ভাবতে পারো যে ধোঁয়াচ্ছন্ন অস্পষ্ট নয়? ~জালালুদ্দিন রুমী

 * * * **
বিদায় কেবল তাদের জন্য যারা তাদের কেবল চোখ দিয়ে ভালোবাসে। কেননা, যারা হৃদয় এবং আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছু নেই। ~জালালুদ্দিন রুমী

১৩ নভে, ২০১৫

রুমী কবিতা (ষোড়শ কিস্তি)


 

* * * * * * *
তোমার জীবনটা তাকে সঁপে দাও যিনি ইতোমধ্যেই তোমার সমস্ত শ্বাস-প্রশ্বাস এবংমূহুর্তগুলোর মালিক। ~জালালুদ্দিন রুমী

* * * * * * *
ভালোবাসার দৃষ্টি হলো স্ফটিকের মতন স্বচ্ছ। ~জালালুদ্দিন রুমী

* * * * * * *
আমার গহীন ভেতরে কে আছে তা খুঁজে দেখতে আমি নিজেকে খুঁড়ে চলি। কিন্তু, যতই গভীরে খুঁড়তে থাকি, ততই আমি নিজের চিহ্নটুকু হারিয়ে ফেলতে থাকি। ~জালালুদ্দিন রুমী

* * * * * * *
আমার মুখ বন্ধ রেখে আমি তোমার সাথে আরো শত উপায়ে কথা বলেছি। ~জালালুদ্দিন রুমী

* * * * * * *
কারো আলিঙ্গনে আবদ্ধ হতে চাইলে তুমি আগে তোমার বাহু দু'টি প্রসারিত করো।~জালালুদ্দিন রুমী

* * * * * * *
ভালোবাসার সফরে বেরিয়ে পড়ো। সে তো তোমার কাছ থেকে শুরু হয়ে তোমাতেই এসে শেষ হয়।~জালালুদ্দিন রুমী

* * * * * * *
হৃদয়ের একটা নিজস্ব ভাষা আছে। সে কথা বলার করার হাজারটি উপায় জানে। ~জালালুদ্দিন রুমী

১২ অক্টো, ২০১৫

রুমী কবিতা (পঞ্চদশ কিস্তি)




* * * * * * *
খোদা, সেখানে নিয়ে চলো
আমার আত্মাকে
যেখানে হয়ত শব্দ ব্যবহার না করেই
আমি কথা বলতে পারবো।
~ জালালুদ্দিন রুমী

* * * * * * *
তুমি যে অনুপ্রেরণা খুঁজছো হন্যে হয়ে
তা ইতোমধ্যেই তোমার মাঝেই রয়েছে।
চুপ করো আর কান পেতে শোনো।
~ জালালুদ্দিন রুমী

* * * * * * *
যখন আমরা মারা যাবো,
কবরের ফলকের মাঝে আমাদের খুঁজো না।
আমাদের খুঁজিয়ো মানুষজনের মাঝে।
~জালালুদ্দিন রুমী

* * * * * * *
একটা গাছের মত হও আর মরে যাওয়া পাতাগুলোকে ঝরে যেতে দাও।~জালালুদ্দিন রুমী

* * * * * * *
খোদার কাছে পৌঁছানোর অনেকগুলো পথ আছে। আমি বেছে নিয়েছি ভালোবাসা।~জালালুদ্দিন রুমী

* * * * * * *
আমাকে শক্ত করে আঁকড়ে ধরো।
আমি ভালোবাসা এবং আমি সবসময় তোমারই। ~জালালুদ্দিন রুমী

* * * * * * *
কিছুক্ষণের জন্য হলেও তোমার উচিত নৈঃশব্দের বাগানে একাকী পদচারণা করা।~জালালুদ্দিন রুমী

২৬ সেপ, ২০১৫

রুমী কবিতা (চতুর্দশ কিস্তি)


* * * * * * * *
সূর্যের মতন হও মানুষকে অনুগ্রহ ও দয়া করায়
রাতের মতন হও অন্যদের ভুলগুলো ঢেকে দেয়ায়
বয়ে চলা স্রোতধারার মতন হও উদারতায়
মৃত্যুর মতন হয়ে যাও রাগ ও ক্ষুব্ধতায়,
মাটির মতন হও বিনম্রতায়,
তুমি যেমন তেমন করেই নিজেকে প্রকাশ করো।
যেমন করে নিজেকে প্রকাশ করো, তেমনটিই হও।

~জালালুদ্দিন রুমী

* * * *
আমরা তো কেবল শ্রেষ্ঠতম চিত্রশিল্পীর হাতে থাকা এক রংতুলি। ~জালালুদ্দিন রুমী

* * * * *
আমার ভেতরে যে সৌন্দর্য তুমি দেখতে পাও, তা আসলে তোমারই প্রতিচ্ছবি। ~জালালুদ্দিন রুমী

* * * * *
প্রতিটি মূহুর্ত, একটি নতুন সৌন্দর্য। ~রুমী

* * * * *
মাটি ও পানির এই আবাসের মাঝে,
আমি যেন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছি।
এসো এখানে, হে মোর প্রিয়,
নতুবা আমায় চলে যেতে দাও।

~জালালুদ্দিন রুমী

* * * * *
আমার হৃদয়ের আকার তো ক্ষুদ্র, এতটাই ছোট যে তা প্রায় দেখাই যায় না। এত বিশাল পরিমাণ দুঃখ-বেদনা আমি কীভাবে ধারণ করবো এতে?

তিনি উত্তর দিলেন, "খেয়াল করে দেখো, তোমার চোখটাও তো অনেক ক্ষুদ্র। কিন্তু এই চোখে তো তুমি গোটা বিশ্বজগতকেই ধারণ করো।"

~জালালুদ্দিন রুমী

* * * * *
গতকাল আমি চতুর ছিলাম তাই পৃথিবীকে বদলে দিতে চেয়েছিলাম। আজ আমি বুদ্ধিমান হয়েছি, তাই নিজেকেই বদলে দিচ্ছি।~ জালালুদ্দিন রুমী

২২ সেপ, ২০১৫

রুমী কবিতা (ত্রয়োদশ কিস্তি)


* * * * * * * *
তুমি যখন পথ ধরে হাঁটতে শুরু করবে, সামনের পথ তখন স্পষ্ট হয়ে দেখা দিবে।" -- রুমী

* * * * * * * *
তুমি জন্মেছিলো দু'টি ডানা নিয়ে। কেন তবে জীবনভর হামাগুড়ি দিতেই তোমার এত পছন্দ?" -- রুমী

* * * * * * * *
তুমি যে কষ্টদের সহ্য করছ তারা তোমার কাছে বার্তাবাহক হয়ে এসেছে, তাদের কথা শোন। ~ রুমী

* * * * * * * *
যখন তোমাকে দিতে চেয়ে কেউ  হাতে স্বর্ণ তুলেছে, তখন তোমার হাতের দিকে তাকিয়ো না, কিংবা স্বর্ণের দিকেও না। যে দিচ্ছে তার দিকে তুমি তাকাও। ~ রুমী [মসনবী, দ্বিতীয় খন্ড]

* * * * * * * *
তুমি তো সমুদ্রের মাঝে কোন জলবিন্দু নও, তুমি এক ফোঁটা জলবিন্দুর মাঝে সম্পূর্ণ এক সমুদ্র। ~ জালালুদ্দিন রুমী

* * * * * * * *
যদি কবিতার পুনরাবৃত্তি ঘটে, তাহলে বসন্তও ফিরে ফিরে আসবে।~ রুমী

* * * * * * * *
তুমি মনে করো তুমি হলে বিপদ অথচ তুমি হলে সুরক্ষা। তুমি মনে করো তুমি দরজার তালা অথচ তুমি সেই চাবিটি যা তালাটি খুলে দেয়। তুমি যে আসলে অন্য কেউ হতে চাও, তা খুবই বাজে একটা ব্যাপার। তুমি তোমার নিজের চেহারাটি দেখো না, তোমার সৌন্দর্য তুমি দেখো না। যদিও তোমার চেয়ে বেশি সুন্দর কেউ নয়। ~জালালুদ্দিন রুমী

* * * * * * * *
তুমি কি মনে করো আমি যা করছি তা আমি জানি? নাকি আমার একটি শ্বাস-প্রশ্বাসের অর্ধেকটাও আমার নিজের অধিকারে আছে? এ তো এমনই যে কলমটি যা লিখছে তা যতটুকু সে জানে, অথবা বলটি এরপর যেদিকে যাবে বলে সে ধারণা করে। ~জালালুদ্দিন রুমী

* * * * * * * *
দুঃখ-কষ্টগুলো হতে পারে সহানুভূতির বাগান। তুমি যদি তোমার হৃদয়কে সবকিছুর জন্যই উন্মুক্ত রাখতে পারো, তাহলে তোমার কষ্টগুলো হয়ে যেতে পারে ভালোবাসা আর প্রজ্ঞার প্রতি তোমার জীবনভর আকাঙ্ক্ষার সবচেয়ে বড় বন্ধু। ~জালালুদ্দিন রুমী

* * * * *
যখন তোমার শরীরের চিন্তা ও চাওয়ার উর্ধে এসে নিজেকে মুক্ত করতে পারবে, তখন এমনিতেই একদম নতুন এক জগতে প্রবেশ করবে। ~জালালুদ্দিন রুমী

১৬ সেপ, ২০১৫

রুমী কবিতা (দ্বাদশ কিস্তি)

 

* * * * * * * *
অন্যেরা যা বলে তা করতে গিয়ে, আমি হয়েছিলাম অন্ধ।
অন্যদের ডাকাডাকি শুনে আসতে গিয়ে, আমি হারিয়েছিলাম পথ।
এরপর আমি সবাইকেই ছেড়েছিলাম, এমনকি আমার নিজেকেও।
তখন আমি সবাইকেই খুঁজে পেয়েছি, এমনকি আমার নিজেকেও।
~ জালালুদ্দিন রুমী

* * * * * * * *
তোমার দু'হাত প্রসারিত করো যদি প্রিয়তমর আলিঙ্গন পেতে চাও। ~জালালুদ্দিন রুমী

* * * * * * * *
তুমি যা খুঁজছো তা যদি হয় খাবার, তুমি খাবার পাবে।
তুমি যা খুঁজছো তা যদি হয় আত্মা, তুমি তোমার আত্মাকে খুঁজে পাবে।
তুমি যদি এই গোপন রহস্যটি বুঝতে পারো,
তুমি জানবে তুমি সেটাই যা তুমি খুঁজে বেড়াও।
~ জালালুদ্দিন রুমী

* * * * * * * *
একটা কলম একাই লিখতে শুরু করেছিলো। সে যখন লিখতে এলো 'ভালোবাসা', তখন ভেঙ্গে গেলো। ~জালালুদ্দিন রুমী

* * * * * * * *
তুমি দেখেছ তোমার অফুরন্ত শক্তি
তুমি দেখেছ তোমার মোহনীয় সৌন্দর্য
তুমি দেখেছ তোমার সোনালী ডানা
তবে কেন তুমি উদ্বিগ্ন?
~ জালালুদ্দিন রুমী

* * * * * * * *
যে পথ তোমাকে শুদ্ধ করে সেটাই সঠিক পথ। ~জালালুদ্দিন রুমী

* * * * * * * *
প্রতিটি দিনকে পেছনে ফেলে আসাই ভালো। বয়ে যাওয়া পানির স্রোতের মতন যেন, সমস্ত দুঃখ-কষ্টকে ফেলে চলে যাওয়া। গতকালের দিনটি তো শেষ, সেই দিনটির সমস্ত গল্প বলা হয়ে গেছে। আজকে নতুন কিছু অংকুর মাটি বিদীর্ণ করে মাথা তুলে জাগবে। ~জালালুদ্দিন রুমী

* * * * * * * *
যদি তোমার অহংবোধ তোমার পথপ্রদর্শক হয়ে থাকে, তাহলে আর ভাগ্যের সাহায্যের জন্য নির্ভর করো না। তুমি দিনের বেলায় ঘুমিয়ে কাটাও আর রাতগুলো তো এমনিতেই ক্ষুদ্র। তুমি যখন জেগে উঠবে তখন হয়ত তোমার জীবনটা শেষ হয়ে যাবে। ~জালালুদ্দিন রুমী

৯ সেপ, ২০১৫

রুমী কবিতা (একাদশ কিস্তি)


* * * * * *
আমি বললাম: আমার চোখ দুটোর কী হবে?
তিনি বললেন: পথের উপর তাদের স্থির রাখো।

আমি বললাম: আমার কামনার কী হবে?
তিনি বললেন: ওদের পুড়তে দাও।

আমি বললাম: আমার হৃদয়ের ব্যাপারে বলুন?
তিনি বললেন: এর মাঝে কী আছে তা আমাকে বলো।

আমি বললাম: কষ্ট আর ব্যথা।
তিনি বললেন: এগুলো থাকুক তোমার হৃদয়েই।

ক্ষতগুলো তো এমনই স্থান যার ভেতর দিয়ে তোমার মাঝে আলো প্রবেশ করে।

~জালালুদ্দিন রুমী

* * * * * *
সমস্ত উদ্বেগ মুছে ফেলে একদম মুক্ত হয়ে যাও,
চিন্তা করো তার কথা যিনি সকল চিন্তাকে সৃষ্টি করেছেন।
যখন সমস্ত দ্বার এখনো এত অবারিত
কেন তুমি তবু বন্দীশালাতেই বাস করো?
 ~ রুমী

* * * * * *
অনেক মানুষ দেখেছি যাদের জড়িয়ে রাখার মতন কোন কাপড় ছিলো না,
অনেক কাপড় দেখেছি যা যাদের জড়িয়ে রেখেছিলো তারা মানুষ ছিলো না।
~ জালালুদ্দিন রুমী

* * * * * *
প্রার্থনাগুলো কুয়াশাকে দূর করে দিয়ে প্রাণের শান্তিকে ফিরিয়ে এনে দেয়।~ জালালুদ্দিন রুমী

* * * * * *
যাও, তোমার নিজ হৃদয়ের দরজায় কড়া নাড়ো। ~ রুমী

* * * * * *
তুমি যদি তোমার মাঝে আমাকে খুঁজে না পাও তাহলে আর কোথাও পাবে না কোনদিন। আমি তো তোমার মাঝেই ছিলাম, আমার সূচনা থেকে। ~ জালালুদ্দিন রুমী

* * * * * *
সৌন্দর্য আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। ~ জালালুদ্দিন রুমী

* * * * * *
নীরবতার মাঝে উত্তর খুঁজে পাওয়া যায়। ~ জালালুদ্দিন রুমী

শামস তাবরিজি [২]


* * * * * *
ভালোবাসা ছাড়া জীবন হলো স্রেফ আবর্জনার মতন।

"আমি কি আত্মিক, নাকি বস্তুগত, নাকি শারীরিক ভালোবাসার দিকে মন দিবো?"

এসব প্রশ্ন করতে যেয়ো না। বৈষম্য তো কেবল বৈষম্যেরই জন্ম দেয়। ভালোবাসার জন্য এসব নানান রকম নাম, বিভাজন অথবা সংজ্ঞার প্রয়োজন নেই। হয় তুমি ভালোবাসার মাঝেই আছ, একদম কেন্দ্রে। নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছ, এই দুরত্বের হাহাকার বুকে নিয়ে।

~শামস তাবরিজি

* * * * * *
জীবনে তোমার যা-ই হোক না কেন, কখনো হতাশ হয়ে পড়ো না। এমনকি সবগুলো দরজাও যদি বন্ধ হয়ে যায়, একটি গোপন পথ তুমি খুঁজে পাবে যার হদিস কেউ জানেনা। তুমি হয়ত এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু এই পথের শেষে জান্নাতের অনেকগুলো বাগান আছে। কৃতজ্ঞ হও! তুমি যা চাও তা পাওয়ার পর শুকরিয়া করা তো সহজ, বরং যা চাইছ তা পাওয়ার আগেই শুকরিয়া করো।

~ শামস তাবরিজি

* * * * * * *
তুমি কি ভবিষ্যতের দিকে চেয়ে আছ জান্নাত-জাহান্নাম দেখতে? অথচ তোমার বর্তমানের মাঝেই রয়েছে সেগুলো। যখন তুমি কোন চুক্তি, যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে, তখন তুমি জান্নাত খুঁজে পাবে। যখন তুমি ঘৃণা আর মারামারিতে জড়িয়ে থাকবে, তুমি খুঁজে পাবে জাহান্নাম।

~শামস তাবরিজি

* * * * * * *
আল্লাহর বান্দারা তো কখনো ধৈর্যহারা হয় না। কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত বাকা চাঁদটির পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে। ~শামস তাবরিজি

৬ সেপ, ২০১৫

রুমী কবিতা (দশম কিস্তি)



* * * * *
কখনো আশা হারিয়ো না, হে আমার হৃদয়। অদেখার জগতে তো অনেক অলৌকিক ঘটনার বসবাস। ~ জালালুদ্দিন রুমী

* * * * *
যদি তুমি মণিমুক্তোর ভাণ্ডারে পরিণত হতে চাও,
তবে তোমার ভেতরের সুপ্ত গভীর সমুদ্রটিকে উন্মুক্ত করে দাও।
~জালালুদ্দিন রুমী

* * * * * *
ভাগ্যবান তো সে মানুষ যে হিংসাকে তার সংগী করে নিয়ে চলে না। ~জালালুদ্দিন রুমী

* * * * * *
যা কিছুই ঘটুক না কেন, তুমি প্রাণখুলে হাসো; আর ভালোবাসার মাঝে নিজেকে হারিয়ে দাও। ~জালালুদ্দিন রুমী

* * * * * *
তোমার মাঝে আমি আমার ধ্বংসস্তূপ ছেড়ে পালিয়ে এসে লুকাই। দয়া করো, আমাকে আর আমার মাঝে ফিরিয়ে দিয়ো না। ~জালালুদ্দিন রুমী

* * * * * *
তুমি কেন সবার দরজায় করাঘাত করে ফিরছো? যাও, তুমি তোমার নিজ হৃদয়ের দরজায় কড়া নাড়ো। ~জালালুদ্দিন রুমী

* * * * * *
আমি একজন চিত্রশিল্পী
সারাদিন একে যাই নানান ছবি।
কিন্তু যখন তোমার সৌন্দর্যের কথা স্মরণ করি,
আমার সমস্ত চিত্রকর্ম ছুড়ে ফেলে দিতে ইচ্ছা হয়।

আমি একজন ভাষ্কর,
যে পাথর খোদাই করে তৈরি করি সে ছবির প্রতিমূর্তি,
কিন্তু যখন তোমার সৌন্দর্যের কথা মনে হয়,
আমার সমস্ত শিল্পকর্ম আগুনে ফেলে দিতে ইচ্ছা হয়।

~জালালুদ্দিন রুমী

* * * *
নিশ্চুপ হয়ে নিজের ভেতরে বয়ে চলা তরঙ্গের শব্দমালা শোনো। ~জালালুদ্দিন রুমী

১৬ আগ, ২০১৫

রুমী কবিতা (নবম কিস্তি)



* * * * *
তোমার হৃদয় থেকে আমার হৃদয় পর্যন্ত একটা পথ আছে। ~জালালুদ্দিন রুমী

* * * * *
দরজা খুলতে এত সংগ্রাম কেন করছ যখন চারপাশের দেয়ালগুলো শুধুই বিভ্রম। ~জালালুদ্দিন রুমী

* * * * *
সুনসান-নীরবতাপূর্ণ আমার হৃদয়ের মাঝে নৌকা বাওয়ার মতন আনন্দ আমি আর কিছুতেই পাইনা। ~জালালুদ্দিন রুমী

* * * * *
তোমার নিজের ছোট্ট পুকুরটির মাঝে সাঁতরে বেড়াও। ~জালালুদ্দিন রুমী

* * * * *
চাঁদ তো তার আলোর বন্যায় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভাসিয়ে দেয়;
তোমার ঘরটিকে কতটুকু আলোয় পূর্ণ করে তা নির্ভর করে তোমার জানালার উপর।
~জালালুদ্দিন রুমী

* * * * *
বেদনার মাঝে রয়েছে রত্নভান্ডার; এতে লুকিয়ে থাকে দয়া। ~জালালুদ্দিন রুমী

* * * * *
যা কিছু আসে, তা চলে যাবে। যা কিছু পাওয়া গেছে, তা হারিয়ে যাবে। কিন্তু তুমি তো এই আসা-যাওয়া এবং যেকোন বর্ণনার উর্ধে। তুমি এমনই। ~জালালুদ্দিন রুমী


* * * * *
আমি ছিলাম মৃত, তারপর জীবন পেলাম
কাঁদলাম, তারপর হাসলাম।
ভালোবাসার শক্তি আমার মাঝে এলো,
আমি সিংহের মতন হিংস্র
আর তারাদের মতন স্নিগ্ধ হলাম ।
~জালালুদ্দিন রুমী

* * *
পাখিরা তাদের স্বাধীনতায় আকাশের শূণ্যে বৃত্ত এঁকে ঘুরে ঘুরে উড়ে।
তারা কীভাবে শেখে সেটা?
তারা শূণ্যে থেকে পড়ে যায়, যেতেই থাকে,
আর তাদের রয়েছে ডানা।
~ জালালুদ্দিন রুমী

১৯ মে, ২০১৫

হাফিজের কবিতা [২]



​তোমার সমস্ত কষ্ট, দুশ্চিন্তা, দুঃখগুলো কোন একদিন এসে দুঃখপ্রকাশ করবে এবং ক্ষমাপ্রার্থনা করবে যে তারা সবাই নিতান্ত মিথ্যা ছিলো। ~হাফিজ

* * *
একটি দিনের জন্য, কেবল একটি দিনের জন্য,
এমন বিষয়ে কথা বলো যা কাউকে বিরক্ত করবে না
এবং যা শান্তির স্পর্শ বয়ে আনবে
তোমার সুন্দর চোখগুলোয়।
~ হাফিজ, পারস্যের কিংবদন্তী কবি

* * *
আমরা যা বলি তা হয়ে যায় আমরা যে ঘরটিতে বাস করছি সেই নীড়।~ হাফিজ

* * *
সচেতন হৃদয় তো আলো ঢেলে দেয়া আকাশটার মতন।~ হাফিজ

* * *
এই অজস্র শব্দমালার মূলে কী?
একটাই জিনিস: ভালোবাসা।
কিন্তু এই গভীর ও মিষ্টি ভালোবাসার উচিত তার নিজেকে সুঘ্রাণ, সুললিত শব্দ ও অনন্য রঙ দিয়ে প্রকাশ ঘটানো যা আগে কোনদিন ছিলো না।
~ হাফিজ

* * *
দৌড়ে পালাও বন্ধু
এমন সব কিছু থেকে
যারা  তোমার মূল্যবান সুপ্ত ডানাকে
হয়ত আরো শক্তিশালী করে না।
~ হাফিজ

* * *
তোমার বেঁচে থাকাকে আনন্দময় করে এমন যেকোন কিছুর কাছাকাছি থাকো। ~ হাফিজ

* * *
আমি শিখেছি প্রতিটি হৃদয় তো সেটাই পাবে
যা পাওয়ার জন্য সে সবচেয়ে বেশি প্রার্থনা করে।
~ হাফিজ

* * *
চলে এসো প্রিয়,
সেই নির্মম পৃথিবী থেকে
যা তোমার স্নিগ্ধ মুখে
ধূলিকণার বৃষ্টি ঝরিয়েছে।
~ হাফিজ

* * *
প্রতিটি প্রাণ
আমাদের কাছ থেকে উপহার পাওয়া উচিত
তার সাহসিকতার জন্য!
~ হাফিজ

৫ মে, ২০১৫

রুমী কবিতা (অষ্টম কিস্তি)

* * * * *
ভোরের মৃদু হাওয়া এসে তোমাকে পরশ বুলিয়ে একটি গোপন রহস্য বলে যায় -- আবার ঘুমাতে যেয়ো না।
~ জালালুদ্দিন রুমী

 * * *
তোমার জীবন দিয়ে আগুণ জ্বালাও। এবার খুঁজে নিয়ে আসো তাদেরকে যারা তোমার এই অগ্নিশিখার ভক্ত।
~জালালুদ্দিন রুমী

 * * * 
তুমি হৃদয়ের যতই গভীর থেকে গভীরে স্থান নেবে, তার প্রতিবিম্ব ততই হবে পরিষ্কার ও ঝকঝকে।" ~জালালুদ্দিন রুমী

 * * * 
যদি আলো থাকে তোমার হৃদয়ে ওই, ঘরে ফেরার পথ খুঁজে পাবে অবশ্যই।" ~জালালুদ্দিন রুমী

 * * * 
আমি তো শিখেছি প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু জীবনের স্বাদ পাবে খুব অল্প কিছু প্রাণ।~জালালুদ্দিন রুমী

 * * * 
তুমি এখন চুপ করো। যিনি পৃথিবীর সকল শব্দগুলোকে সৃষ্টি করেছেন তাকেই কথা বলতে দাও। তিনিই দরজা সৃষ্টি করেছেন, তিনি তালা সৃষ্টি করেছেন এবং তার চাবিও তিনিই সৃষ্টি করেছেন।~জালালুদ্দিন রুমী

 * * * 
তোমার আলোয় আমার ভালোবাসতে শেখা, তোমার সৌন্দর্যে শিখেছি আমি কবিতা লেখা।~জালালুদ্দিন রুমী

 * * * 
এখনই কি তোমার হৃদয়কে আগুণের দুর্গ বানিয়ে ফেলার সময় নয়?~জালালুদ্দিন রুমী

 * * *
বসো, স্থির হও, আর খেয়াল করে শোনো,
কারণ তুমি কিন্তু এখন মাতাল,
আর আমরা আছি ছাদের একদম কিনারায়।
~ জালালুদ্দিন রুমী

রুমী কবিতা (সপ্তম কিস্তি)


 * * *
হতাশ হয়ো না! কেননা সবচেয়ে তীব্র হতাশার মূহুর্তগুলোতে আল্লাহ আশার আলো পাঠিয়ে দেন। ভুলে যেয়ো না, চারপাশ আঁধার করে আসা ঘনকালো মেঘ থেকেই তুমুল বৃষ্টিটা হয়ে থাকে। ~জালালুদ্দিন রুমী

 * * *
তুমি ভালোবাসা খুঁজতে যেয়ো না, ও তোমার কাজ নয়। বরং খেয়াল করে দেখো তোমার ভিতরে কী কী প্রাচীর তুমি গড়ে তুলেছ যা তোমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করছে।  ~জালালুদ্দিন রুমী

 * * *
তোমার কাছে যা-ই আসুক না কেন তুমি কৃতজ্ঞ থেকো, কেননা তোমার কাছে যা পাঠানো হয় তা তার পক্ষ থেকে পথনির্দেশ। ~জালালুদ্দিন রুমী

 * * *
বিশ্বজগতের সবকিছু তোমার মাঝেই আছে। নিজের ভেতর থেকেই খুঁজে নাও সব। ~জালালুদ্দিন রুমী


 * * *
তুমি যা খুঁজছ সেটাও আসলে তোমাকেই খুঁজছে। ~জালালুদ্দিন রুমী

 * * *
সত্য হৃদয়কে উঁচুতে তোলে, যেমন করে পানি তৃষ্ণা মিটিয়ে সতেজ করে। ~জালালুদ্দিন রুমী

 * * *
তোমার বন্ধু হতে চেয়ে আমি আমার নিজের শত্রু হয়েছি।  ~জালালুদ্দিন রুমী

 * * *
তুমি যা ভালোবাস তার সৌন্দর্যময়তার প্রকাশ হোক তোমার কাজগুলো।  ~জালালুদ্দিন রুমী

 * * *
এমন একটা দিন
যেদিন বাতাসটা একদম যথযথ
যখন পাল তুলে রওনা হওয়া দরকার
পৃথিবীটা অপরূপ সৌন্দর্যে ভরে আছে।
এমনই একটি দিন
আজকের দিন।
~ জালালুদ্দিন রুমী

 * * *
আর এখনো, এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও
সূর্য কখনো পৃথিবীকে বলেনি,
'তুমি আমার কাছে ঋণী।'
চেয়ে দেখো, এমন ভালোবাসা কী করেছে,
এই সুবিশাল আকাশ হয়েছে আলোকিত।
~ জালালুদ্দিন রুমী

রুমী কবিতা (ষষ্ঠ কিস্তি)



 * * *
একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করো। এমনভাবে যে, তুমি দেখছো, এবং মহাবিশ্বও দেখছে তোমাকে।~রুমী

 * * *
একটি গোলাপের উপমা এই ভালোবাসা, যে প্রস্ফুটিত হয় অনন্তকাল। ~রুমী

 * * *
আমি পাখির মত করে গাইতে চাই, যে চিন্তা করেনা কে শুনলো এবং কে কী ভাবলো। ~কবি জালালুদ্দিন রুমী

* * *
আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু তবু এসো এদিকে, হ্যাঁ এটাই সামনে যাবার পথ।~রুমী

* * *
আর এই যে তুমি? কখন তুমি তোমার নিজের মাঝে দীর্ঘ সেই যাত্রাটি শুরু করবে।
~ জালালুদ্দিন রুমী

* * *
চাঁদকে উজ্জ্বল দেখা যায় যখন সে রাতকে এড়িয়ে যায় না।~ জালালুদ্দিন রুমী

* * *
নিজ চিন্তাগুলোর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখো। ~ জালালুদ্দিন রুমী

* * *
একটা কন্ঠ আছে যে কোন শব্দ উচ্চারণ করে না। কান পাতো, শোনো। ~ জালালুদ্দিন রুমী

* * *
একটু ঠান্ডা হও, শুধুমাত্র আল্লাহর হাতই তোমার হৃদয়ের এই ভার সরানোর ক্ষমতা রাখে। ~ জালালুদ্দিন রুমী

* * *
তুমি আমাকে ভালোবাসো আমার কারণে নয় বরং তোমার নিজের অভিজ্ঞতার কারণে... তুমি আমার দিকে ফিরে তাকাও তোমার নিজের আবেগকেই অনুভব করতে।~ জালালুদ্দিন রুমী

৩ মে, ২০১৫

রুমী কবিতা (পঞ্চম কিস্তি)


 * * *
চোখ বন্ধ করো। প্রেমে পড়ো। সেখানেই থেকে যাও।
~ জালালুদ্দিন রুমী

 * * *
জেনে রেখো, তোমার শরীরটা কেবলই একটি পোশাক। তুমি বরং কোন চাদর না খুঁজে দেহটিকে খুঁজে বের করতে চেষ্টা করো। ~জালালুদ্দিন রুমী

 * * *
চোখের অশ্রুর সাথে গোপনে আসে হাসি। ধ্বংসস্তুপের নিচে রত্নভান্ডার খুঁজতে চেষ্টা করুন।
~ জালালুদ্দিন রুমী

 * * *
ফুলের বাগানে ইচ্ছেমতন ঘুরে বেড়াতে চাইলে তোমার নিজের হৃদয়ের কাঁটাগুলোকে টেনে তুলে ফেলো।
~জালালুদ্দিন রুমী

 * * *
আমার কাছে তোমাকে খুলে দাও, যেন আমি তোমার কাছে উন্মুক্ত হতে পারি।
তোমার অনুপ্রেরণা দিয়ে আমাকে জাগাও, যেন আমি আমার নিজেরটুকু দেখতে পারি।
~ জালালুদ্দিন রুমী

 * * *
তাহলে, তুমি যা সত্যিকার অর্থে মূল্য দাও, তা আঁকড়ে ধরে থাকো।
চোরেরা বরং যেন অন্য সবকিছু থেকে নিয়ে যায়।
~জালালুদ্দিন রুমী

 * * *
আর চুপ করে বসে থাকা নয়। অত চিন্তাভাবনা বাদ দাও।
তুমি সবাইকে তোমার ভালোবাসা জানিয়ে দাও।
~জালালুদ্দিন রুমী

 * * *
একাকীত্ব অনুভব করো না।
গোটা বিশ্বজগত তো তোমার ভেতরেই।
~জালালুদ্দিন রুমী

* * * *
হতে পারে খুব সাধারণ কিছুর মাঝে খুব অনন্যসাধারণ কিছু লুকিয়ে আছে। কিন্তু খুব কম মানুষই তা উপলব্ধি করতে পারে।~জালালুদ্দিন রুমী

* * * *
পেছন ফিরে দেখিয়ো না।
কেউ জানেনা ঠিক কেমন অবস্থায় পৃথিবী শুরু হয়েছিলো।
ভবিষ্যত নিয়ে ভয় করো না, কোনকিছুই চিরকাল থাকবে না।
তুমি যদি অতীত আর ভবিষ্যতেই ডুবে থাকো, তুমি বর্তমানকে হারিয়ে ফেলবে।
~জালালুদ্দিন রুমী

২০ মার্চ, ২০১৫

রুমী কবিতা (চতুর্থ কিস্তি)


* * *
আমি তোমাদের না আমার হৃদয় দিয়ে ভালোবাসি, না আমার মন দিয়ে ভালোবাসি। হয়ত হৃদয়ের স্পন্দন থেমে যেতে পারে কিংবা মন ভুলে যেতে পারে। আমি তো তাদের ভালোবাসি আমার আত্মা দিয়ে যে থেমে যায় না, ভুলেও যায় না।~ জালালুদ্দিন রুমী

* * *
তুমি তাদের এড়িয়ে যাও যারা তোমাকে ভীতসন্ত্রস্ত ও দুঃখিত করে , যারা তোমায় রোগ ও মৃত্যুর দিকে টেনে নিয়ে ফেলবে। ~ জালালুদ্দিন রুমী

* * *
একটি সাদা গোলাপ প্রস্ফূটিত হয় নিভৃতে,
তোমার জিহবাকে হতে দাও সেই শুভ্র গোলাপ।
~ জালালুদ্দিন রুমী

* * *
যেখানে রয়েছে ধ্বংস, সেখানেই রয়েছে রত্নভান্ডারের সম্ভাবনা।~ জালালুদ্দিন রুমী

* * *
যখন তোমার আত্মা দিয়ে তুমি কোন কাজ করো, তখন তোমার ভেতরের এক প্রবহমান নদীকে তুমি অনুভব করো, যার নাম আনন্দ। ~ জালালুদ্দিন রুমী

* * *
সুখময় দিনগুলো তো তোমার কাছে হেঁটে আসবে না, তোমাকেই তাদের দিকে এগিয়ে যেতে হবে। ~ জালালুদ্দিন রুমী
* * * * * *
তুমি সারা পৃথিবীতে সম্পদ খুঁজে বেড়াচ্ছ, অথচ সত্যিকারের রত্নভান্ডার রয়েছে তোমার নিজের ভেতরেই। ~জালালুদ্দিন রুমী

* * * * * *
তোমার ভেতর এক সকাল অপেক্ষায় আছে উজ্জ্বল আলো হয়ে বিস্ফোরিত হবে বলে।~ জালালুদ্দিন রুমী

* * * * * *
কষ্টের উপশম কষ্টের মাঝেই আছে। ~জালালুদ্দিন রুমী

* * *
সকল স্নিগ্ধ, সুন্দর আর মোহনীয় বস্তু তাদের জন্যই সৃষ্টি করা হয়েছে যারা দেখতে পায়। ~ জালালুদ্দিন রুমী

* * *
তাকে ভালোবাসবে​ বলে বেছে নাও​ যে কখনো মরে যায়​ না। ~ জালালুদ্দিন রুমী

২০ ডিসে, ২০১৪

রুমী কবিতা (তৃতীয় কিস্তি)



* * *
তুমি যত বেশি নিশ্চুপ থাকবে, তত বেশি শুনতে পাবে। ~ জালালুদ্দিন রুমী

* * *
তোমার দু'টো চোখকেই বন্ধ করে দাও
যদি অন্য চোখটি দিয়ে দেখতে চাও।
~ জালালুদ্দিন রুমী

* * *
আমাকে দেখতে অস্থির মনে হতে পারে, কিন্তু আমার গভীরে আমি শান্ত ও স্থির। গাছের শাখারা দুলতে থাকে কিন্তু তার শেকড় থাকে দৃঢ়। ~ জালালুদ্দিন রুমী

* * *
তুমি যদি প্রকৃত ভারসাম্য অর্জন করতে না পারো তাহলে যে কেউ তোমাকে প্রতারিত করতে পারবে। ~ জালালুদ্দিন রুমী

* * *
কারো চোখের মাঝে যে আলো জ্বলে সে আসলে তার হৃদয়ে জ্বলে থাকা আলো। ~ জালালুদ্দিন রুমী

* * *
​বাতিগুলো আলাদা হলেও তাদের আলো ঠিক একইরকম। ~ জালালুদ্দিন রুমী​

* * *
শান্ত হও, নড়াচড়া করো না! নীরবতার সাথে সখ্যতা করে নাও। আরো গভীরে যাও, তোমার হৃদয়ের গহীনে ডুব দাও। সমস্ত কোলাহল থেকে একটি দিনের জন্য ছুটি নাও।~জালালুদ্দিন রুমী

* * *
ভালোবাসার কোন ভিত্তি বলতে কিছু নেই। এটা এমন এক অশেষ সমুদ্র যার শুরু নেই, শেষ নেই। ~জালালুদ্দিন রুমী

* * *
আল্লাহ তোমাকে একটা অনুভূতি থেকে আরেকটা অনুভূতির দিকে ঘুরিয়ে দেন এবং এই বিপরীতধর্মী দুই অনুভূতি দিয়ে তোমাকে কিছু শেখাতে চান, যেন তুমি তোমার দু'টো ডানা দিয়ে উড়তে পারো, একটি দিয়ে নয়! ~ জালালুদ্দিন রুমী

* * *
হে আমার আত্মার পাখি, যাও এখনি উড়ে যাও! আমার তো রয়েছে প্রাচীরঘেরা শত দুর্গ। ~ জালালুদ্দিন রুমী

* * *
আমি ভেবে কুল পাইনা আমি কতবার তোমাকে দিবো বলে
উপহার খুঁজে বেড়িয়েছি এখানে-ওখানে
তবু কিছুকেই তোমার জন্য সঠিক বলে মনে হয়নি।
স্বর্ণকে সোনার খনিতে ফিরিয়ে এনে,
পানিকে বিশাল সমুদ্রে নিয়ে আসার যৌক্তিকতা কী?
আমার হৃদয় আর গোটা সত্ত্বা তোমায় দিয়ে লাভ নেই
কেননা সেগুলো তো ইতোমধ্যেই তোমার হয়ে গেছে।
তাই আমি এনেছি একটি আয়না
তার মাঝে তুমি তোমায় দেখ এবং আমায় স্মরণ করো।

~জালালুদ্দিন রুমী

৪ এপ্রি, ২০১৪

রুমী কবিতা (দ্বিতীয় কিস্তি)



* * *
তুমি জন্মেছিলে
অমিত সম্ভাবনা নিয়ে,
বিশ্বস্ততা আর কল্যাণ নিয়ে,
আদর্শ আর স্বপ্ন নিয়ে
বিশালতা নিয়ে,
উন্মুক্ত ডানা নিয়ে।

তুমি হামাগুড়ি দিতে আসনি,
এভাবে আর নয়, থেমে যাও।

তোমার আছে ডানা, মেলে দাও
উড়তে শিখে দূরে হারিয়ে যাও।

~ জালালুদ্দিন রুমী


* * *
 তোমার কিছু চিন্তাকে ঘুম পাড়াও! ওদের ছায়া হতে দিও না, তোমার অন্তরের চাঁদটাকে ঢেকে ফেলে যে ছায়া। ছায়ারূপী ভাবনায় নিমগ্ন থেকো না।~রুমী

* * *
আমি সমস্ত কাঁটা তুলে ফেলতাম! কিন্তু তুমি আবার ফিরে এলে, আমার কন্টকময়তাকেই করে তুললে পাঁপড়িশোভিত সুগন্ধময়। ~ রুমী

* * *
​আল্লাহ তোমাকে একটা অনুভূতি থেকে আরেকটা অনুভূতির দিকে ঘুরিয়ে দেন এবং এই বিপরীতধর্মী দুই অনুভূতি দিয়ে তোমাকে কিছু শেখাতে চান, যেন তুমি তোমার দু'টো ডানা দিয়ে উড়তে পারো, একটি দিয়ে নয়! ~ জালালুদ্দিন রুমী​

* * *
এমন কি যখন পৃথিবী দগ্ধ হয়, সুপ্ত বীণার তান তখনও বেজে যায়। ~ রুমী

* * *
গ্রন্থি পড়ুক সহস্র, রজ্জু কিন্তু একটাই! ~রুমী
 (এইটার ফাজলামি অনুবাদ হলোঃ যতই গিট্টু বাঁধো, দড়ি কিন্তু একখানাই আছে!)

* * *
ভালোবাসার বাগানে অনন্ত শ্যামলিমা বিরাজ করে। সেখানে দুঃখ কিংবা সুখ ছাড়াও অজস্র ফল ফলে।~ রুমী

* * *
একটা প্রদীপ হও, অথবা প্রাণরক্ষাকারী কোন তরী, কিংবা উর্ধ্বগামী কোন সিঁড়ি। কারো হৃদয়ের যন্ত্রণার উপশম করো।~রুমী