১ আগ, ২০১২

তারিক রামাদান প্রবচনগুচ্ছ - ২

আগের পর্বঃ তারিক রামাদান প্রবচনগুচ্ছ - ১

ইসলামের বার্তার ব্যাপ্তি সামগ্রিক জীবন নিয়ে, যেখানে প্রতিটি বিশ্বাসের পাতায় পাতায় আছে যুক্তি, আছে কল্যাণ। প্রতিটি নিয়মের সাথে জুড়ে আছে আমাদের জীবনের পূর্ণাঙ্গ চিত্র। আর এই চিত্রকে অনুপ্রেরণার মাধ্যমে যিনি ছড়িয়ে দিতে পারেন বলে আমি বুঝেছি -- তিনি তারিক রামাদান। পশ্চিমের তরুণদের অনুপ্রেরণা এই ভিন্নমাত্রার ইসলামিক স্কলারের লেখা পড়তে গিয়ে এবং আলোচনা শুনতে গিয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়া কিছু প্রবচন আমি সংগ্রহ করার চেষ্টা করেছি। এই প্রচেষ্টার দ্বিতীয় পর্ব আজ প্রকাশ করছি।

৩০ জুল, ২০১২

অপেক্ষা [অণুগল্প]


বিশাল একটা স্টেশন, এখানে অজস্র মানুষের যাতায়াত প্রতিদিন। ট্রেনের হুইসেল বাজছে, মালপত্র মাথায় নিতে জনে-জনে গিয়ে চিত্কার করে অনুরোধ করছে কুলিরা, প্রিয়জনদের পেয়ে কেউ চিত্কার করে ডাকছে, কারো চোখে অশ্রু - কাছের মানুষদের মিলনে অথবা বিরহে।

মাহফুজ চুপচাপ বসে আছে ওয়েইটিং রুমের কোনার একটা চেয়ারে। এইখানে এত শত-শত মানুষ -- তাদের কেউ-ই তার আপন নয়, কাউকে চেনেনা। এখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও এক গ্লাস পানি কেউ দিবেনা -- একথা ভাবতেই কেমন অস্থির হয়ে উঠলো তার মনটা। তার প্রিয়জনদের কথা ভাবতেই এমন লাগছে। অনেকদিন ধরে আজকের দিনটার জন্য অপেক্ষায় ছিল মাহফুজ। রুমের পড়ার টেবিলের উপরে রাখা ডেস্ক ক্যালেন্ডারটাতে দিন কেটে দিতে সে একটা লাল সাইনপেন কিনেছিল, লাল রঙ দিয়ে দাগ দিলে তাতে রাগ বেশি ঝাড়া যায়। কয়েক সপ্তাহ ধরে সে যত্ন করে কেটেছে একেকটা দিন। আজ সকালে ইস্ত্রি করা শার্টটা বের করে পরেছে, অডিকোলন গায়ে দিয়েছে, দিনের পরিশ্রমে যেন তার ছিমছাম পরিপাটি ভাবখানা ছুটে না যায় সেজন্য তার চেষ্টার কমতি নেই। অফিস থেকে বসকে বলে আগেই বেরিয়ে এসেছে, অনেকদিনের এই অপেক্ষার কথা অফিসের কলিগরা আগেই জানত, তারা সবাই মুচকি হেসে বিদায় দিলো দুপুরে লাঞ্চের পরেই।

২১ জুল, ২০১২

তারিক রামাদান প্রবচনগুচ্ছ

তারিক রামাদান আমার একজন মুগ্ধতার মানুষ। তার আলোচনাগুলো আমি মুগ্ধ হয়ে শুনি। ইসলামের জ্ঞান যখন দর্শনের সাথে মিশে যায়, তখন বুঝি আমার মতন তরুণ প্রজন্মের কাছে এমনই সুন্দর কারুকার্যময় মোহনীয় হয়ে ফিরে শব্দমালারা।

প্রফেসর রামাদানের সাথে পরিচয় আমার খুব বেশিদিনের নয়, দু'বছর হয়নি এখনো। আমি তার লেখা পড়ে যা অনুভব করি, তা খুবই অসাধারণ। ইসলামের বার্তার ব্যাপ্তি সামগ্রিক জীবন নিয়ে, যেখানে প্রতিটি বিশ্বাসের পাতায় পাতায় আছে যুক্তি, আছে কল্যাণ। প্রতিটি নিয়মের সাথে জুড়ে আছে আমাদের জীবনের পূর্ণাঙ্গ চিত্র। আর এই চিত্রকে অনুপ্রেরণার মাধ্যমে যিনি ছড়িয়ে দিতে পারেন বলে আমি বুঝেছি -- তিনি তারিক রামাদান। পশ্চিমের তরুণদের অনুপ্রেরণা এই ভিন্নমাত্রার ইসলামিক স্কলারের কিছু উদ্ধৃতি তথা প্রবচন উল্লেখ করছি  এই লেখায়। 

১৭ জুন, ২০১২

ইবনে তাইমিয়্যা প্রবচনগুচ্ছ


"কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেয়ো না। মনে রেখো,
অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়।"

-- ইমাম ইবনে তাইমিয়্যা

“আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আর নিজেদের মাঝে বিভক্ত না হয়ে যাওয়া ইসলামের সবচেয়ে বড় উসূল (বুনিয়াদ) এর একটি ।”
– ইমাম ইবনে তাইমিয়্যা


  "ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি করানো হয় তাদের ঈমানকে বিশুদ্ধ এবং তাদের পাপকে মোচন করানোর জন্য। কারণ, ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ করেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য; আর তাই জীবনে সহ্য করা এই দুঃখ-কষ্টগুলোর জন্য তাদের পুরষ্কার দেয়া আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়।"
-- ইমাম ইবনে তাইমিয়্যা



১৩ জুন, ২০১২

আটলান্টিক পারের আলোকবর্তিকাঃ সুহাইব ওয়েব

ইমাম সুহাইব ওয়েব, আমার প্রিয় একজন মানুষ। তাকে সামনাসামনি কোনদিন দেখিনি, তবে তার কাছে শিখেছি অনেক কিছু, পেয়েছি অনেক অনুপ্রেরণা। তিনি জন্মেছিলেন খ্রিষ্টান ধর্মযাজক পরিবারে, এখন তিনি একজন আমেরিকান মুসলিম চিন্তাবিদ, প্রশিক্ষক এবং ইমাম। বড় একজন ইমাম হয়েও তরুণ প্রজন্মকে তিনি কাছে টেনে আনতে পেরেছেন নিজস্ব দক্ষতায়, ক্যারিশমাটিক আচরণে আর ভালোবাসায়। মার্কিন তরুণ-তরুণীরা যাদের আলোচনায়, ব্যাখ্যায়, উপস্থাপনায় ইসলামের মোহনীয়তা খুঁজে পেয়েছে, ডুবেছে মুগ্ধতায় -- সেই বিদগ্ধ জ্ঞানের মানুষদের মাঝে ইমাম সুহাইব ওয়েব একজন।

সমগ্র বিশ্বেই ছড়িয়ে আছে তার অজস্র শিক্ষানবীসের দল। ইমাম সুহাইব সোশাল নেটওয়ার্ক ফেসবুক এবং টুইটারে বেশ নিয়মিত থাকেন, তিনি তার সাথে আলোচনায় সবাইকে সুযোগ দেন। তাকে তাই অনেকে বলে থাকেন -- "তরুণদের ইমাম"। সাম্প্রতিক সময়ে নুমান আলী খান এবং আব্দুল নাসির জান্দার সাথে "Amazed By The Quran" নামের একটা আয়োজনে অংশগ্রহণ করছেন, বক্তব্য দিচ্ছেন কুরআনের গভীর সৌন্দর্য্য নিয়ে। এমন আয়োজন সমগ্র আমেরিকাতেই সাড়া ফেলে দিয়েছে। থেকে অনেক দূরে থাকলেও কুরআন নিয়ে নুমান আলী খান, আব্দুল নাসির, সুহাইব ওয়েবদের অসাধারণ সেইসব আলোচনা দেখে উপকৃত হই আমরাও।

৫ জুন, ২০১২

হামিংবার্ড ও আমরা

 এই সময়ের প্রতিটা দিনই বেঁচে থাকা যেন আতঙ্কময়। পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণ, গুম, হত্যা নতুন করে বলে দেয়না সমাজের পরিস্থিতি। তার উপরে প্রতিটি পদেই রয়েছে ঘুষ-সুদ, ক্ষমতাধরদের মদদপুষ্ট লোকদের নির্লজ্জ ক্ষমতা প্রদর্শন ও দুর্নীতি। পথে-ঘাটে, বাসে-ট্রেনে মানুষ দেশের চলমান পরিস্থিতির উপর হতাশা প্রকাশ করেন অবলীলায়। বেশিরভাগ মানুষ মোটেই আশাবাদী না। তারা বুঝেন যে দেশের সবাই-ই প্রায় চোর। কেউ সুযোগ পেলে দুইটা টাকা মেরে দিতে ছাড়েন না। তাই এই দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যেন ঢুকে গেছে। আইন আছে, প্রয়োগ নেই, পুলিশ আছে, তার উপরে জনগনের আস্থা নেই। ঘুরে ফিরে এই হতাশা আর নিরাশার দুষ্টচক্র থেকে বের হবার পথ কোথায় আমাদের? ছেলে-মেয়ে, প্রেমিক-প্রেমিকা সম্পর্কগুলো একেকটা নতুন নতুন পত্রিকার শিরোনামের জন্ম দিচ্ছে। পরকীয়া প্রেমের ফলে মারা যাচ্ছে মায়েরই সন্তান। এমন অজস্র নিরাশার গল্প চারপাশে।

১ জুন, ২০১২

প্রজন্ম থেকে প্রজন্মান্তর


আমাদের চারপাশের মানুষগুলো থেকে আমরা কিছু মানুষ মনে হয় বুকের ভিতরে একটু ভিন্ন কিছু নিয়ে বেঁচে থাকি। এই বেঁচে থাকাতে জীবন-জীবিকার প্রতিদিনের যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাওয়া যায় না, একটা অন্যরকম প্রেরণা নিয়ে বেঁচে থাকা হয়। সেই প্রেরণা আত্মায় শান্তিকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার। যখন আমাদেরই বন্ধু-আত্মীয়-কলিগ দারুণ কিছু ভোগ্যপণ্য গাড়ি-বাড়ি-শপিং করে আনন্দে গান ভাঁজতে ভাঁজতে বাড়ি ফেরে, চ্যানেলে দুইটা খুনের ঘটনা দেখে জগতকে গালি দিয়ে শাপ-শাপান্ত করে ঘুমাতে যায় -- তখন আমার ভাইবোনদের আত্মায় থাকে মহান আল্লাহর নাম। সমাজের সর্বস্তরে সবাই যখন যেকোন উপায়ে টাকা কামানো মূল লক্ষ্য হিসেবে ছুটতে থাকে -- তখনো আমরা প্রচন্ড চুজি হয়ে ভাবতে থাকি এই কলুষ বলয় থেকে কীভাবে বের হবো। কীভাবে এখানে স্থাপন করবো সবার জন্য কল্যাণময় একটা সিস্টেম।

কোথা থেকে আসে এই প্রেরণা? 

৫ মে, ২০১২

টুকরো টুকরো ভালোলাগা - ৩



গতকালের ভোরটা আমার জন্য ছিলো স্নিগ্ধ সময়। একদিকে সাপ্তাহিক ছুটির দিন -- জুমুআর দিন, সেই সাথে বৃষ্টি ছিলো ঝির ঝির। স্নিগ্ধ সকাল বলতে অমনটাকে বোঝাবেই। প্রিয় বইটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে ছিলাম, শারীরিক অসুস্থতাটা তার আগের দিন কাটিয়ে উঠেছি, মানসিক প্রশান্তি এসেছিলো সুন্দর সকালের আবহাওয়ায়। আত্মিক প্রশান্তিটাও এসেছিলো বইটা হাতে নিয়ে -- পড়ছিলাম আমার প্রিয়তম জনের কথাগুলো, আমার প্রতি তাঁর ভালোবাসা, নির্দেশাবলী, উপদেশাবলী একসাথে করে দিয়েছেন তিনি যেখানে!

২৪ এপ্রি, ২০১২

কেন চলে গেলে দূরে



ভালোবাসার জন্য আমার অনেক কাঙ্গালপনা। কেউ আমার খোঁজ নেবে, আমার সাথে বসে গল্প করবে, আমাকে একটু ভালো করে বুঝবে -- এমন আশা আমার সেই ছোটবেলা থেকেই। স্কুলে পড়ার সময় সুমনের সাথে দু'বছর একই বেঞ্চে বসতাম। একদিন কিছু না বলেই ওরা ঢাকা ছেড়ে চলে গেলে কষ্টে কেঁদে ফেলেছিলাম। এরপর অনেকবারই কাঁদতে হয়েছে। অনেক রকম ঘটনায়। আমি ছেলেমানুষ, তাই লোকচক্ষু এড়িয়ে আড়ালে আবডালে চোখের পানি মুছতাম। কেউ দেখে ফেললে হাসাহাসি করবে -- সেই আতঙ্ক থাকতো!

আরো কতবার এই হৃদয় যে ভাঙ্গলো, তার ইয়ত্তা নাই। একটা সময় অনেক মনে হতো -- আমি খুব অভাগা, তাই আমার দিকে কেউ ফিরে চায়না। আমি অভাগা বলেই হয়ত যাকে ভালোবাসি, সে আমাকে গুণেও দেখেনা। অজস্র সময় গেছে জীবনে, যখন অন্য কেউ আমার সাথে কথা বললে, আমার খোঁজ নিলে আমার ভালো লাগবে -- এই ভেবে ভগ্নহৃদয়ে কেটেছে সময়। অনেক ভাবতাম, কেন আমার জীবন এমন হবে! আমি তো বিশ্বাস করিনা এত দুঃখী আমি হতে পারি। কেনই বা হবো -- আমার জীবনের সমস্তটুকু দিয়েই তো আমি আমার সব কাজে প্রচেষ্টা চালাই!

আধ্যাত্মিক শূণ্যতা

শিরোনামটা এমন দিলাম কারণ আমি একটা ভিডিও দেখলাম, কিছু শিখলাম যার শিরোনামটাও এরকমই ছিলো। এই শিক্ষাটা আমার জন্য সময়োপযোগী আর গুরুত্বপূর্ণ ছিলো। তাই সবার সাথে শেয়ার করে দেয়ার উদ্দেশ্যে লিখতে বসেছি। ভিডিওটি ছিলো উস্তাদ নুমান আলী খানের -- "spiritual void" 


আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিলিয়ে দেন। অর্থাৎ তারা আল্লাহর দ্বীন প্রচারে নিয়োজিত থাকেন, অন্যদেরকে আল্লাহর পথে ডাকেন, জ্ঞানের কাজ করেন, সামাজিক দায়বদ্ধতার কাজ করেন। মোটকথা, সত্যিকার অর্থেই (লোক দেখানোর জন্য না) তারা নিজেদেরকে দাওয়াতের কাজে নিয়োজিত রাখেন। কিন্তু এই কাজে ব্যস্ত থাকতে থাকতে অনেক সময় নিজেদের দিকে খেয়ালটা রাখা হয়না।

১৫ এপ্রি, ২০১২

নতুন বছরের প্রত্যয়

আজ নতুন বছরের প্রথম দিন। ১৪১৯ বঙ্গাব্দের পহেলা বৈশাখ। বহুদিনের পুরোনো বাংলার সংস্কৃতির সবচাইতে উল্লেখযোগ্য জিনিসটি ছিলো -- হালখাতা। হালখাতার আইডিয়াটা আমার কাছে দারুণ লাগতো। পুরোনো সবকিছুর হিসাব নিকাশ করে নতুন একটা খাতা খোলা। সেই সুযোগে একটা পুনর্মিলনী হওয়া, একটা নতুন উৎসবের আমেজ পাওয়া।

এই সুযোগে আমিও নিজের চিন্তা আর কাজের হালখাতা খুললাম। সেটাতে যা যুক্ত হলো, তা হলো -- নতুন কিছু পরিকল্পনা। আপাতত যা ঠিক করলাম তা হলোঃ

  •  আজ থেকে সময় নষ্ট করবো না
  •  খারাপ কথা বলবো না, গালাগালি করবো না
  •  যেসব জায়গায় সময় নষ্ট হয়, তা এড়িয়ে চলবো
  •  মিথ্যা কথা বলবো না। এমন কাজ যদি থাকে যেখানে মিথ্যা বলার চান্স আছে -- সে কাজগুলো এড়িয়ে যাবো
  •  প্রতিদিন ৫টি করে ইংরেজি শব্দ শিখবো। বছর শেষে হবে বিশাল শব্দভান্ডার (vocabulary) হবে। প্রতিদিন অন্ততঃ একটা ইংরেজি আর্টিকেল পড়বো।
  •  ইংরেজি শিখবো কারণ পৃথিবীর চমৎকার সব সাহিত্য আর জ্ঞানের ভান্ডারগুলো যে ভাষারই হোক না কেন, তা প্রথমেই অনুবাদ হয় ইংরেজিতে। এই বিশাল জ্ঞানভান্ডারের রত্নগুলো আমার ঘরে আনতে চাই। তাছাড়া নিজের দেশের সুন্দর জিনিসগুলো পৃথিবীময় ছড়িয়ে দিতেও এই ভাষায় দক্ষতা দরকার হবে।
  •  প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবোই ইনশাআল্লাহ। নামায হলো বেহেশতের চাবি।
  •  প্রতিদিন কুরআনের অন্তত ১/২ আয়াত অর্থসহ (সম্ভব হলে তাফসির) সহ পড়বো, মাত্র ১০-১৫ মিনিট লাগবে। কারণ, কুরআন আখিরাতে আমাদের জন্য শাফায়াত করবে। আর পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান আমাদের প্রতি আল্লাহর পাঠানো এই বইটিতেই আছে। আমি জীবনটাকে সুন্দর আর অর্থপূর্ণ করতে চাই।
  •  প্রতিদিন অন্তত ১ জন মানুষকে অনাকাংখিত উপকার করে চমকে দিবো। দিনে একজনকে খুশি করতে পারলে বছর শেষে ৩৬৫ জন মানুষকে খুশি করতে পারবো খুউউব সহজেই!! কাজগুলো যেমন হতে পারেঃ
  •  রিকসাওয়ালার সাথে মোটামুটি দামাদামি করে উঠে নামার সময় কয়টা টাকা বেশি দিয়ে দেয়া যেতে পারে।
  •  আমার কলিগের যখন পানি খেতে ইচ্ছা হচ্ছে টাইপ কিছু বললেন, তখন তার জন্য পানি নিয়ে এসে সেটা তার হাতে তুলে দেয়া।
  •   রাস্তার মাঝে ইট থাকলে সেটাকে তুলে দূরে কোথাও সরিয়ে রেখে দেয়া।
  • আব্বা-আম্মা, ভাই-বোন বা রুমমেটের জন্য তাদের পছন্দের কোন একটা খাবার কিনে নিয়ে যাওয়া। সেটা চকোলেট টাইপের কিছু হলেও হতে পারে।
  •  কাউকে ভারী কোন ওজন বহন করতে দেখলে সেটিকে কিছু পথ এগিয়ে সাহায্য করা।

আল্লাহ আমাদের চিন্তা আর নিয়্যাতে বারাকাহ দিন এবং চেষ্টাগুলোকে কবুল করে নিন। নিজেকে গড়ার কাজে অংশ নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতন একটা সমাজ আর রাস্ট্র গড়ে তোলার তাওফিক দিন। সবাইকে নতুন বছরের প্রথম দিনে শুভেচ্ছা জানাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।

২ এপ্রি, ২০১২

কেমন আছ তুমি


"কেমন আছ" -- আমি বোধহয় জীবনে এই প্রশ্নটা সবচেয়ে বেশি শুনেছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, চাকুরিক্ষেত্রের সহকর্মীরা -- সবাইই প্রতিদিন অজস্রবার এই প্রশ্ন করে। প্রতিটি মানুষেরই কুশল বিনিময়ের প্রথম প্রশ্ন "কেমন আছেন"? ইদানিং পরিচিতজনরা বেশিরভাগই একটা উত্তর দেয় -- "এইতো"। কী অদ্ভূত !! এইতো মানে আবার কী? ভালো নাকি খারাপ?

খারাপ বলতেও 'এইতো বলা' লোকদের বাঁধে -- কেননা তারা সবাইই আসলে অনেক ভালো আছেন। জীবনে প্রাপ্তি তাদের প্রচুর। "খারাপ আছি" -- বললেই তাকে জিজ্ঞেস করা হবে -- কী হয়েছে? যার উত্তর দিতে পারবেন না। আবার "ভালো আছি" সেটা স্বীকার করলে সম্ভবত নিজের উচ্চাকাংখা প্রকাশ করা হবেনা, তাই সবাইই বলেন -- "এইতো"। ভালো আছি বললে তার আরো অনেক কিছু পেতে হবে, সেইটা আবার প্রশ্নদাতা হয়ত খেয়াল করবেন না, তাকে আরো বেশি মূল্যায়ণ করবেন না, তাই হয়ত বলে -- "এইতো"। "ভালো আছি" বলার মানুষ কেন যে এত কম সেটা ভেবেই পাইনা!

২৫ মার্চ, ২০১২

রাগকে সংযত করা



জীবনে আমি নিজের যেই আচরণের কারণে অনেক বেশি করে আফসোস করেছি, তার মধ্যে রাগ জিনিসটা একদম উপরের দিক অবস্থান করে। জীবনের বিশাল একটা সময় রাগ হলে অসহায় হয়ে যেতাম, আমি চাইনা এমন কাজগুলো ধুম করে করে বসতাম, আর ফলাফলগুলোকে সামলাতে সামলাতে ভালো সময় পার হয়ে যেতো। রাগ করে এমন আচরণ হয়ে যায় যে -- প্রিয়জন/বন্ধুদের সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। অনেকে সহজেই আরো যা করেন তা হলো গ্লাস ভাঙ্গা, খাতা ছিঁড়ে ফেলা, কলম জানালা দিয়ে ফেলে দেয়া। 

২৪ মার্চ, ২০১২

আমাদের সমস্যা আধ্যাত্মিকতায়


"আমাদের সমস্যা হলো আধ্যাত্মিকতায়। যদি একজন মানুষ আমার সাথে মুসলিম বিশ্বে কী কী পুনর্গঠন করা প্রয়োজন সেই বিষয়ে কথা বলতে আসেন, অথবা রাজনৈতিক কৌশল সম্পর্কে এবং অনেক বড় কোন ভৌগলিক কৌশলগত পরিকল্পনা নিয়ে কথা বলতে আসেন, তার প্রতি আমার প্রথম প্রশ্ন হবে তিনি ফজরের সালাত সময়মত আদায় করেছেন কিনা।" -- সাইদ রমাদান [১৯২৬-১৯৯৫]

২২ মার্চ, ২০১২

বিজ্ঞাপন : ডিসটার্ব

আমি টেলিভিশন দেখি কালেভদ্রে। মূলত পেশাগত জীবনের ব্যস্ততা এবং জীবনে ভালোলাগা-মুগ্ধতার বিষয়সমূহ বদলে উন্নত হওয়ায় বিনোদনের সকল পর্যায়ে টেলিভিশনের অস্তিত্ব আমার জীবনে একদমই নেই এখন। ক'দিন আগে এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখতে বসেছিলাম। বিটিভিতে খেলা সম্প্রচারে অর্থায়ন করেছে বাংলালিংক। তাই প্রতি ওভারের বল শেষ হলেই বিজ্ঞাপন বিরতি হচ্ছিলো।

১১ মার্চ, ২০১২

স্বাপ্নিক কথন

একটা ফুলের নাম বলো
-- গোলাপ, সাদা গোলাপ।
একটা পাখির নাম বলো, যার রঙ ভালো লাগে
-- ফিঙ্গে, কী কোমল রঙ তার !
একটা সবুজতার নাম বলো
-- পদ্মপাতা
আকাশ ভালো লাগে তোমার?
-- ভীষণ ! যখন মেঘগুলো ছুটে ছুটে যায়
তুমি না অপেক্ষায় আছ?
-- হুমম! সেই-ই তো!


কষ্ট পেলে কী ভাবো?
-- এ আমার পরীক্ষা। ধৈর্য্যশীলদের সাথে তিনি থাকেন, তাই ধৈর্য্যকে ধারণ করতে চাই।
হঠাৎ অশান্তি লাগে না বুকে?
-- লাগে তো ! প্রায়ই লাগে।
তখন কী করো তুমি?
-- এই তুমি জানো না বুঝি? তার স্মরণেই তো আত্মা শান্তি পায়। প্রিয় বইটার ১৩ : ২০ দেখে নিয়ো আরেকবার। স্মরণ করতে থাকি।
মাশাআল্লাহ! তুমি রাতের নির্জনতা পছন্দ করো?
-- উমম... শেষ রাতেরটা! অযু করে মনটা একাগ্র করে পাই।

তোমার উপরে অনেক চাপ পড়লে, দিশেহারা হয়ে যাও না?
-- একটু তো লাগেই! কিন্তু আমি তো জানি সাধ্যের অতিরিক্ত কিছু চাপানো হয়নি। চেষ্টা করতে থাকি তাঁর কাছে প্রার্থনা করতে করতে
বৃষ্টি ভালো লাগে?
-- বৃষ্টি শেষে গাছের ডালে ঝাঁকি দিয়ে দেখেছো? পানি ঝরে পড়ে কীভাবে!
বাহ! তুমি কি পিচ্চিদের ভালোবাসো?
-- ভীষণ! ওদের সাথে মিশে গিয়ে নিস্পাপ জীবনটাকে অনুভব করতে চাই।
সুবহানাল্লাহ! আচ্ছা, তুমি স্বপ্ন দেখো?
-- দেখিনা আবার? মা-বাবা আর তোমার হাত ধরে সাথে আমাদের পিচ্চিগুলোকে ওই সুন্দর লেকের উপর দিয়ে বাগানে আমরা হাঁটবো অনন্তকালের আনন্দে -- অমন কিছু স্বপ্নই তো প্রেরণা দেয় আমাকে!
মাঝে মাঝে লাল গোলাপ চলে?
-- (হেসে ফেলে) বারে! সাদা ভালো লাগে শুভ্রতার জন্য। লালের মাঝে থাকে ভালোবাসার গভীরতা।
মানুষকে কোন উপহার দিতে পছন্দ করো?
-- সবচাইতে বেশি করে দুআ করি। আর অন্য কিছুই তো এই দুনিয়া ওই দুনিয়া দুটোকেই স্পর্শ করেনা!
কেউ ভুল করে ক্ষমা চাইলে?
-- ক্ষমা করে ফেলতে চাই। ভুলেও যেতে চেষ্টা করি। কষ্ট লাগে, তবুও। কারণ আল্লাহ তো তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার জীবনেই কী কম ভুল? সূরা শুআরার ৩৭-৪০ পড়েছ না?
সুন্দর ভাবনা তো! আচ্ছা, সংসার নিয়ে ভেবেছ?
-- টোনাটুনির সংসারই আমার পছন্দ।
রাগ হলে কী করো?
-- কথাই বলিনাহ। চুপ করে দূরে সরে থাকি।
(মুচকি হেসে) ভালো থেকো। তোমার জন্য একটু চাইবো
-- (ফিক করে হেসে ফেলে) আমিও তো ! আল্লাহ হাফিয!
আল্লাহ হাফিয

* * * * * * *
বিশেষ দ্রষ্টব্যঃ কথপোকথনের পুরোটাই কল্পনা। একজন মানুষের মনের একান্ত কল্পনা। বাস্তবতার লেশমাত্র নাই :-) 

৬ মার্চ, ২০১২

পৃথিবীটা কার তোমার না আমার বলে দাও


এক গায়কের একটা গানের কথা প্রায়ই আমার কানে আসে পথে ঘাটে। আমার বোন একদিন এই গানটা গুনগুন করেছিলো বলে ওকে বিব্রত করার একটা সুযোগ পেয়েছিলাম। ডেকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, গানের এই লাইনটার মানে বলতো?" বেচারী প্রথমে আমার প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গিয়েছিলো কিছুক্ষণের জন্য। কারণ সে চিন্তা করতে গিয়ে দেখলো যে গায়কের চিৎকার করে বলা এই কথার বিশেষ কোন মানে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এইটা যে আদৌ কোন প্রশ্ন হতে পারে, তাও আবার সেইটা গানে গাওয়া যেতে পারে নাকি যে "পৃথিবীটা কার তোমার না আমার বলে দাও"। 

৩ মার্চ, ২০১২

টুকরো টুকরো ভালোলাগা - ২


আমার জীবনে আঁটঘাঁট বেঁধে করা প্ল্যানের পরিমাণ হয়ত কয়েকশত হয়েছে। কোন কাজই কোনদিন শেষ হয়নি এবং কখনো আমার মনেও হয়নি আমি কিছু করতে পেরেছি। ইদানিং পুরোনো অনেক কিছু ঘাঁটতে গিয়ে দেখি একটা উল্লেখযোগ্য কিছু একটা হয়েছে, অন্তত সেটা শূণ্য না। একটু চিন্তাভাবনা করে যা আবিষ্কার করলাম তা হলো -- আমার মতন দুর্বল আর এলোমেলো আর ক্ষুদ্র মানুষের দ্বারা যা অর্জন এসেছে তার পেছনে উদ্দীপনা আর আন্তরিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়াই ছিলো অন্যতম প্রধান কারণ। আমার বিশেষ কোন যোগ্যতা ছিলো না। আল্লাহ আমার ছোট ছোট কাজের ওই ইচ্ছেগুলোকে রহম করে একটা কিছু দাঁড় করিয়ে দিয়েছেন। আর আমার মতন এরকম কাজ যে কেউ-ই করতে পারে, পারতো, পারবে ইনশাআল্লাহ।

একটা জিনিস কো-রিলেট করলাম, মানুষের নিয়্যাহ বা intention ঠিক থাকলে আর কাজে লেগে থাকলে আসলেই অনেক অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট সম্ভব। পৃথিবীর বুকে সফলতাগুলো মূলত এই মুজাহাদা বা একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে লেগে থাকার সাথে সমানুপাতিক। একইভাবে, জান্নাত অনেক কঠিন টার্গেট হলেও, নিজ নিজ ক্ষুদ্র যোগ্যতায় পূর্ণ আন্তরিকতাতে লেগে থাকলে একদিন সেটাও অ্যাচিভ হবেই ইনশাআল্লাহ। কেননা, সমস্ত সৃষ্টিই এক আল্লাহর। তিনিই সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিকারী। আর তিনি অন্তরটাই দেখেন। কাজের ভলিউম বা অ্যামাউন্টের দিকে না, বরং একাগ্রতা আর ইচ্ছার হিসেবেই তিনি বিনিময় দেন, দিবেন।

মাঝে মাঝে নিজেকে যখন খুব অযোগ্য আর ভুলেভরা অবাঞ্ছিত বলে মনে হয় -- তখন এই কাজগুলো চোখের সামনে হাজির করলে এমন একটা ন্যুনতম প্রেরণা পাওয়া যায়, যা ঘুরে ফিরে মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতাবোধে আবিষ্ট হবার বার্তা বয়ে আনে। আর এই কৃতজ্ঞতাবোধ বাস্তবতাময় কঠিন জীবনে বেঁচে থাকার প্রেরণা যোগায়, ভালোবাসতে আর ভালোবাসা ছড়িয়ে দিতে শেখায়। আল্লাহ আমাদের সবাইকেই কৃতজ্ঞ বান্দা হবার যোগ্যতা দিন।

১৫ ফেব, ২০১২

এর বেশি ভালোবাসা যায়না ও আমার প্রাণপাখি ময়না

ক'দিন আগে রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটা গান কানে এলো পথের ধার থেকে -- "এর বেশি ভালোবাসা যায়না, ও আমার প্রাণপাখি ময়না"। প্রেমিক লোকের চিৎকার করা আর্তনাদ। এই প্রেমিক গায়ক আবার ভালোবাসার একটা স্কেল আবিষ্কার করেছেন, যার সর্বোচ্চ রেটিং-এর ভালোবাসা তিনি বেসেও ফেলেছেন। সম্ভবত এইটা চেক করে দেখার পর তিনি আরো জোরে চিৎকার করছিলেন, এবং তার সমস্ত চিৎকার তার প্রাণপাখি ময়নার উদ্দেশ্যে হলেও ভুলক্রমে আমার সাথে আরও বহু পথচারীর কর্ণকুহর ফুটো করে দেয়ার উপক্রম করছিলো।

নুমান আলী খান : লক্ষ তরুণের অনুপ্রেরণা

দীর্ঘদিন অযত্নে পড়ে থাকলে শক্তিশালী লোহাতেও মরিচাতে পড়ে ক্ষয়ে যায়। একজন মুসলমানের ঈমানের যত্ন না নিলে তেমনি ক্কালবের উপরে প্রলেপ পড়ে যায়, নষ্ট হয়ে যেতে থাকে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস -- আমাদের আত্মা। এই ব্যাপারটা নিজ জীবনে উপলব্ধি করেছি জীবনে আমি। একটা প্র্যাক্টিসিং মুসলিম পরিবারে জন্ম নিয়েও পরিবারের বাইরে পড়াশোনা করতে গিয়ে একটা সময় যেন হারিয়ে গিয়েছিলাম নিজের কাছ থেকেই। কোন কাজেই শান্তি পেতাম না, কোন কিছুতেই স্বস্তি পেতাম না ।

এমন এক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমাতে ক'জন মানুষের সাথে পরিচয় হয় আমার। সেই সময়টাকে আমি আমার জীবনের "রেঁনেসা" বলে মনে করি। তাদের মাধ্যমে আমি অনলাইনের বিশাল রিসোর্সের খোঁজ পাই। চিনতে পারি আত্মিক জ্ঞানের শিক্ষকদের, আল্লাহর দ্বীন নিয়ে পড়াশোনা করা আর সেই সুন্দরতম জ্ঞানকে ছড়িয়ে দেয়ার মহান কাজে ব্রতী কিছু স্কলারকে। আমার প্রথম উস্তাদ ছিলেন নুমান আলী খান। তারপর ধীরে ধীরে চিনলাম ইমাম সুহাইব ওয়েব, ডক্টর বিলাল ফিলিপস, ইয়াসির ফাজাগা, ইউসুফ এস্তেত, তারিক রামাদান, হামযা ইউসুফ, আবদুল নাসির জান্দা, উয়িসাম শারিফ, খালিদ ইয়াসিন, আসিম আলহাকিম এবং ইয়াসমিন মোজাহেদ এবং আরো অনেককে। আমার ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র আত্মা এক অন্য দিগন্তের খোঁজ পায় সেদিন থেকে। আল্লাহ তাদের সবাইকে কবুল করে নিন এবং জান্নাতুল ফিরদাউসে তাদের জায়গা বরাদ্দ করে দিন।

উস্তাদ নুমান আলী খানের কথা আলাদা করে না বললেই না। দৈনন্দিন জীবনের অনেক কিছুতে আমার মনে হতো -- এটা কেন এমন, ওটা কেন অমন হয়, কেন এসব এমন হয়না, সবকিছু এরকম কেন হয় টাইপের। আমি নিশ্চিত জানতাম যে এইসবের পরিষ্কার উত্তর আমাদের রব আল্লাহ তা'আলার দেওয়া জীবনবিধানে পরিষ্কারভাবেই আছে। কিন্তু সেগুলো কীভাবে বুঝতে হয়, কীভাবে মনের এই সময়গুলোকে "ডিল" করতে হয় তা জানতাম না। যেহেতু প্রশ্নগুলো দার্শনিক দৃষ্টিভঙ্গির যার সাথে আত্মিক বিশ্বাস যুক্ত -- এমন মানুষ পাইনি যারা অমন প্রশ্নের উত্তর দিতে পারেন। কিন্তু নুমান আলী খানের অল্প কিছুক্ষণের কয়েকটা ভিডিও দেখেছিলাম। আমার মনে জেগে ওঠা সাধারণ ও সমস্যামূলক অনেক জিজ্ঞাসার অসাধারণ সুন্দর সমাধান পেয়েছিলাম তার কথাতে।

আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো -- সাধারণত কিশোর-তরুণরা গড়ে ওঠার সময়ে দ্বীন-ইসলাম সংক্রান্ত প্রচুর প্রশ্নের সম্মুখীন হই মনে মনে। হতে পারে সেটা পর্দা নিয়ে, কোন ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে, ফিকহ অথবা থিওলোজি সংক্রান্ত প্রশ্ন, হয়ত কোন অশ্লীল বিষয়কে কীভাবে ডিল করতে হবে তা নিয়ে, অথবা কীভাবে দান করতে হয়, নিয়্যাত কেমন থাকা উচিত -- এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে। অথচ এই বিশ্বাসী তরুণ-তরুণীরা উত্তর না পেয়ে শেষে ভুল করতে থাকে। একদিন হয়ত তাদের ইচ্ছেটাই হারিয়ে যায়... কুরআনের স্বতঃস্ফূর্ত পড়াশোনা, ইসলামেকে তরুণ প্রজন্মের কাছে সুন্দর করে উপস্থাপনার আয়োজন বাংলাদেশে, আমাদের সমাজে খুবই কম। এই অদ্ভূত অবস্থায় আমার মতন ছেলেদের জন্য অশেষ রাহমাত অনলাইনের রিসোর্সে পাওয়া স্কলাররা -- যারা তরুণ প্রজন্মের সাথে খোলামেলা আলাপ করেন, কীভাবে চিন্তা করতে হবে শেখান, কীভাবে ভাবতে হয় সেটা শেখান। আর সেগুলোর ভিডিও অ্যাভেইলেবল পাওয়া যায় ইন্টারনেটে। বস্তুতঃ হিদায়াতের মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহঃ
ফেসবুক পেইজঃ নুমান আলী খান 
লেকচার ডাউনলোড লিঙ্কঃ নুমান আলী খান কালেকশন [অডিও এবং ভিডিও] 
ড্রিম তাফসীরের ওয়েবসাইটঃ লিঙ্গুইস্টিক মিরাকল 
সমস্ত ভিডিও এখানে পাবেনঃ ইউটিউব লিঙ্ক 
নুমান আলী খানের সমস্ত অডিও লেকচার
লেকচার কালেকশন হালাল টিউব চ্যানেল :: নুমান আলী খান


নুমান আলী খান আমার জীবনে পাওয়া সেরা বক্তাদের একজন, যার কথার ভঙ্গি আর শব্দচয়নে আমি মুগ্ধ হয়ে যাই। সুবহানাল্লাহ!! উনি এত সুন্দর করে দ্বীনের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন। আমি বিয়ে বিষয়টা নিয়ে সবার মতই বেশি এক্সাইটেড এবং কনফিউজড ছিলাম। যদিও এই সংক্রান্ত বিষয়ে তাফসীরগ্রন্থ পড়েছিলাম কয়েকটা, তাতে অনেক বিষয় ছিলো আলোচনায় -- কিন্তু সেই জিনিসগুলোকে মাথায় নিয়ে আসলে কীভাবে চিন্তা করতে হবে আমার প্রতিদিনের জীবনে সেটা ভেবে পাচ্ছিলাম না বা বুঝতে পারছিলাম না। নুমান আলী খানের হেলদি ম্যারেজ একটা অসাধারণ আলোচনা। আমি অনেকবার শুনেছিলাম এবং আমার প্রাথমিক ধারণাটা আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে যায় -- কী কর্তব্য, কী দ্বায়িত্ব একটি পারিবারিক জীবনে।

উস্তাদ নুমান আলী খানের বক্তব্যের সুন্দর দিক হলো, তিনি সাধারণ আর সরল ভাষায় তরুণদের বোধগম্য হবার মতন করে বিষয়গুলো আলোচনা করেন। আমি দেখেছি, আলহামদুলিল্লাহ একেকটা লেকচার শোনার পর আমার মধ্যে ওই বিষয়ক খটকা এবং প্রশ্ন থাকেনা এবং পালন করার ব্যাপারে সন্দেহ আর অজুহাত থাকেনা। হয়ত এইটুকু বুঝতে হলে আমাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে হতো। আলোচনা শোনার অর্থ পড়াশোনা কমিয়ে দেয়া নয়, পড়াশোনা তো আমাদের আবশ্যকীয় দ্বায়িত্ব। কিন্তু মুমিনদের সাথে দ্বীন নিয়ে আলোচনা আমাদের জন্য কল্যাণকর হয়, বোধকে সুন্দর করে, ঈমানকে সুদৃঢ় করে।

নুমান আলী খানের ইসলাম এবং ইগো ভিডিও লেকচারটিকে বর্তমানকালের সেরা ১০ টি ভিডিওর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট মুসলিমম্যাটারস । এছাড়াও এই সরল, সাদামাটা, হাস্যোজ্বল লোকটার আলোচনা বিশ্বজুড়ে তরুণদের ইসলামের জন্য উদ্বোধিত করে, অনুপ্রাণিত করে, আগ্রহী করে দ্বীনের প্রতি। বাংলাদেশের তরুণ প্রজন্মও ব্যতিক্রম নয়। বর্তমানে তিনি DREAM নামের তাফসীর কোর্স নিয়ে সম্পূর্ণ সময় দিচ্ছেন। এই তাফসীর কোর্সের অসাধারণ দিক হলো কুরআনুল কারীমের শাব্দিক অলংকার আর ব্যবহারের অনুপম সৌন্দর্য পরিষ্কার হয় আমাদের কাছে। নুমান আলী খানকে আল্লাহ রাব্বুল আলামীন যেই সুন্দর যোগ্যতা দিয়েছেন, তার একটা প্রয়াস এই তাফসীর কন্টেন্টগুলো। আল্লাহ উস্তাদ নুমান আলী খানকে কবুল করুন, তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন, তার মাধ্যমে দ্বীনের দাওয়াতকে আরো ছড়িয়ে দিন বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে।


নুমান আলী খানের বায়োগ্রাফিঃ

নুমান আলী খান একজন মুসলিম দা’ঈ । কুরআনের জ্ঞানে তার অসাধারণ গভীরতা এবং সুন্দর উপস্থাপনা শৈলীর কারণে সমগ্র বিশ্বের তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। বাংলাদেশ এবং বাংলাভাষাভাষী অনেক ইসলাম অনুরাগী তরুণ প্রজন্ম তার অসাধারণ আলোচনা থেকে উপকৃত হচ্ছে নিয়মিত। নুমান আলী খান যুক্তরাস্ট্রে অবস্থিত বাইয়্যিনাহ ইনস্টিটিউট [ওয়েবসাইট] নামক একটি আরবি শিক্ষা প্রতিষ্ঠানের CEO এবং প্রতিষ্ঠাতা। বায়্যিনাহ এর কোর্স "ফান্ডামেনটালস অফ ক্লাসিক্যাল এরাবিক" এবং "ডিভাইন স্পিচ" এর প্রধান বক্তা।

আরবি ভাষার উপরে তার শিক্ষাজীবন শুরু হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে। যেখানে তিনি তার প্রাথমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন। তিনি আরবি ব্যাকরণ শিখেন পাকিস্তানে। সেখানে তিনি ১৯৯৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় জাতীয় পর্যায়ের মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে স্থান দখল করেন। কিন্তু আরবিতে তার গভীর পড়াশোনা শুরু হয় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে ডক্টর আব্দুস সামি এর তত্বাবধানে। ডক্টর আব্দুস সামি পাকিস্তানের ফয়্সালাবাদের কুরআন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ যিনি মাঝে মাঝে আমেরিকাতে যেতেন আরবি শিক্ষা এবং কুরঅনের তাফসিরের উপরে গভীরতাপূর্ণ বক্তব্য রাখতে। তার অধীনে পড়াশুনায় নুমান আলী খান আরবি ভাষা ও ব্যাকরণের উপরে তীক্ষ্ম এবং গভীর জ্ঞান অর্জন করেন। তিনি পরবর্তীতে ডক্টর আব্দুস সামির কাছে আরো উপকৃত হন তার সম্পূর্ণ শিক্ষাদান পদ্ধতিকে আত্মস্থ করে, তিনি ডক্টর সামির করা কাজগুলোকে ইংরেজিতে অনুবাদ করেন তার নিজের ছাত্রদের উপকারের জন্য।

তিনি ১৯৯৯ সাল থেকে যুক্তরাস্ট্রে আধুনিক এবং ক্লাসিক্যাল আরবি শিক্ষাদান শুরু করেন। ২০০৬ সাল পর্যন্ত ৭ বছর ধরে নুমান আলী খান নাসাউ কমিউনিটি কলেজে মডার্ন শিক্ষকতা করেন। সেখানে তিনি "মডার্ন স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্লাসিক্যাল অ্যারাবিক" শেখান দেশজুড়ে। তিনি মূলত তার দাওয়াত প্রচার করে থাকেন ভিডিও বক্তৃতার মাধ্যমে। তিনি ICNA আয়োজিত কনভেনশনে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন। নুমান আলী খান ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন -- জীবন, পরিবার এবং ইসলামী মূল্যবোধের উপরে তিনি আলোকপাত করে থাকেন।

বর্তমানে তিনি সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছেন বিভিন্ন জায়গায় ১০ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে নিয়ে সাত বছরের বড় একটি প্রজেক্টে। এই প্রজেক্টে কুরআনের শাব্দিক শৈল্পিক সৌন্দর্যকে মূল ধরে ইংরেজিতে তাফসির সিরিজ করা হচ্ছে, যার নাম DREAM প্রোগ্রাম। এই তাফসীর সিরিজের বিভিন্ন কন্টেন্ট রেকর্ডিং Linguistic Miracle ওয়েবসাইটটিতে ওয়ার্ড ডকুমেন্ট এবং অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে।

# তথ্যসূত্রঃ  উইকিপিডিয়া  বাইয়্যিনাহ ডট কম