৩০ মার্চ, ২০১৩

ইমাম গাজ্জালীর মূল বাণী

"আপনি যখন দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছেন, তখন সেই কাজটিও দরজা খুলে যাওয়ার একটি অংশ; আপনি যখন কোন যাত্রাপথে তখন রওয়ানা হওয়ার মাঝেই আপনার যাত্রা শুরু হয়ে গেছে, যদি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে না-ও পারেন তবু চিন্তিত হবেন না। সময় নষ্ট করা বন্ধ করুন, মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। এটাই ছিলো ইমাম গাজ্জালীর মূল বার্তা।"
--- শাইখ হামজা ইউসুফ

"If you’re knocking at the door, the knocking is itself the opening of the door; if you are journeying, your start is your beginning, don’t worry if you don’t get there. Stop wasting time. Death is waiting for you. This was the key message of Imam al-Ghazali"
---Shaykh Hamza Yusuf

২৯ মার্চ, ২০১৩

পৃথিবীতে সেই মানুষগুলোই যুগে যুগে সমাজকে বদলেছে, যারা বিশ্বাস করত যে তারা বদলে দিবে

আমরা যখন রাহমানের মহিমান্বিত গ্রন্থখানি বুকে আর পৃথিবীর সেরা মানুষটার রেখে যাওয়া পদচিহ্ন সামনে নিয়ে এগিয়ে যেতে চাই, তখন কারো বিশ্বাস হয়না। কেউ বলে, "সময় কঠিন, ওভাবে থাকা যায়না।" কারো কথা, "যুগ বদলেছে, তাল মিলাতে হবে সময়ের সাথে।" কারো কথা আবার, "সবাই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।" কেউ কেউ বলে, "এই সমাজ আর বদলাবে না, সম্ভব না।" 

আমরা বলি, এই পৃথিবীতে সেই মানুষগুলোই যুগে যুগে সমাজকে বদলেছে, যারা বিশ্বাস করত যে তারা এটাকে বদলে দিবে। 

আমরা বিশ্বাস করি, এবং জানি, আমাদের হাতে শ্রেষ্ঠ দুই যন্ত্র আছে, যা নিমিষেই বদলে দেয় সবকিছু, যা যোগাযোগ করিয়ে দেয় পৃথিবীকে অনন্তজগতের সাথে... আমরাই পারি, আমরাই পেরেছি, আমরাই পারব। ইনশাআল্লাহ!

হবু দুলাভাই ও শ্যালিকা?

আজ সকালে বাসে দীর্ঘসময় জ্যামে আটকে আছি। এমন সময় বাসের মাঝের দিকে সিটে বসা এক লোক মোবাইলে খুব উচ্চকন্ঠে কথা বলতে শুরু করলো, অন্যপাশের কথাও শোনা যাচ্ছিলো! এরকম অহরহই ঘটে, পাত্তা দিতাম না। কিন্তু লোকটার কথার বিষয়বস্তু খুবই 'অন্যরকম' ভয়ঙ্কর! সে সম্ভবত এমন কারো সাথে কথা বলছিলো যার বোনের সাথে তার বিয়ের কথা চলছে। উচ্চস্বরে এমন কিছু কথা বলছিলো যে বাসভর্তি মানুষ উশখুশ করে তার দিকে তাকাচ্ছিলো -- "বোনেরে লাগবো না তোমার লগেই কথা কই... বউ পরে আগে শালীরে সাইজ কইরে নিই... হা, শালীরে সাইজ করতে পারলে বউ ব্যাপার না... কিই,কিই? আমি কি তোমারে খারাপ কথা বলছি? আমি সৎ লোক, খারাপ কি কথা কইতে পারি? (সুর করে)" এতটুকু হলেও হত। এরপরে সে বললো, "আল্লাহ কি বলসে জানো? ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।" এটার পরে সে বুঝাইতে শুরু করলো যে চাইলেই নাকি আল্লাহ কত বেশি দিবে... [এই আয়াতের অর্থ মোটেই এমন না!]

চমৎকার মানুষ হিসেবে আমরা তাদেরকেই পাই যারা জীবনে পরাজিত হয়েছেন

অসাধারণ আর চমৎকার মানুষ হিসেবে আমরা তাদেরকেই পাই যারা জীবনে পরাজিত হয়েছেন, দুঃখ-কষ্টে ভুগেছেন, জীবনযুদ্ধে ধুঁকেছেন, অনেক কিছু হারিয়েছেন; যারা শত কষ্ট ও প্রতিবন্ধকতায় জীবনকে গভীর থেকে উপলব্ধি করেছেন। তাদের থাকে জীবনের প্রতি ভালোবাসা, স্পর্শকাতরতা, থাকে গভীর জীবনবোধ, ভাঙ্গাকে গড়ে নেয়ার প্রতি আর্তি যা তাদেরকে সহানুভূতিশীল, বিনয়ী, নম্র, দয়ার্দ্র এবং অন্যের কষ্টের ব্যাপারে সচেতন করে তোলে। অসাধারণ আর সুন্দর মানুষেরা আপনা আপনিই তৈরি হয়ে যায় না।

[Elisabeth Kubler-Ross-এর উদ্ধৃতির আলোকে]

মা এবং বৌ ছাড়া কারো সাথে অভিমান করবা না, কেউ মূল্য দিবে না

মাধ্যমিকে একজন খুব বিনয়ী ইংরেজি শিক্ষক আমাদের ক্লাস নিতেন, যার হাসিমুখ দেখলে মন ভালো হয়ে যেত। একদিন ক্লাসে স্যার beauty নিয়ে পড়ানোর সময় হঠাৎ উপদেশ হিসেবে মুখ উপচানো হাসি দিয়ে বললেন, "If you see anyone beautiful, remain 100 yards far of it" তিনি এই বক্তব্যের ব্যাখ্যাতে বুঝিয়েছিলেন যে beauty distracts our minds, it brings possibility for us to make mistakes. আমি স্কুল জীবন থেকে ব্যক্তিগত ডায়েরি ছিলো, তাতে এটা টুকে রেখেছিলাম। আমি ফিলোসফিক্যাল যেসব জিনিসই শিখতাম স্যারদের কাছে, সেসবই তুলে রাখতাম। সেক্যুলার শিক্ষাব্যবস্থাতে এই উপদেশগুলোই হৃদয়-মনের খোরাক ছিলো। তখন তো আর হাসান আল বাসরি, ইমাম গাজ্জালি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিমদের মতন মানুষদের জানতাম না, তাদের আলোকিত শান্তির বাণী জানার সুযোগ ছিলো না। সেই সময়ে আগ্রহে হোক আর অনাগ্রহে হোক, স্যারের কথাটা মাথায় রাখার চেষ্টা করেছিলাম। ওইরকম সুন্দরে বিভ্রান্ত হয়ে বন্ধুরা যখন ঝাঁপ পেড়ে জীবন জটিল করত, তখন আমি ১০০হাত দূরে মনকে সরানোর চেষ্টা করতাম। মনে পড়তেই হাসি পেলো, কী অদ্ভুত আমাদের কৈশোর!

২৬ মার্চ, ২০১৩

জীবনের প্রতিটি মূহুর্তই কল্যাণের

জ্বরগ্রস্ত হয়ে বিছানার সাথে লেপ্টে ছিলাম সারাটা দিন। সাথে জীবনের কিছু পুরোনো সমস্যা যুক্ত হয়ে মন একদম নাস্তানাবুদ হয়ে ছিলো। ইশার সালাতে টলমল করতে করতে গেলাম। সালাত শেষে বিশাল মসজিদের একটা কোণে নিভৃতে বসে একটা অনুভূতিই প্রগাঢ় হয়ে ঘিরে ধরছিলো আমাকে --এই দুনিয়াতে সম্ভবত মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের জন্য খারাপ কিছু নেই। কেননা, তখন অবধি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। পৃথিবীতে আমি যতটা খারাপই থাকিনা কেন -- হোক সেটা নিজের ভুলের মাশুল দিতে গিয়ে কষ্ট, হোক সেটা জীবনে অনাকাংখিত আপতিত যন্ত্রণা; এমন প্রতিটি বিষয়ই আমার জন্য আল্লাহর সাথে আমার সম্পর্ককে উন্নত করা বিষয়। কী হারালাম, কী পেলাম, কী হচ্ছে, কী হবে --এসব ভেবে লাভ নেই, নিজের কর্তব্যটুকু করে যেতে হবে। কে জানে, হয়ত সিজদা থেকে মাথা তুলতেই দেখব মালাকুল মাওত হাজির। যাবার সময় হয়ে গেলো। কী হবে তখন আমাদের এত যত্নের, এত ভালোবাসার সম্পদ এবং প্রিয়জন? কবর, কিয়ামাহ, হাশর তো অনেক বেশি সত্য। নিশ্চিত যাত্রাপথ...

অন্যদের জন্য করে শুধু নিজে বাঁচি যা বড় কিছু না

একটা অদ্ভুত জিনিসের উপলব্ধি হলো। কখনো কখনো কারো উপকার করতে পারলে বেশ ভালো লাগে, যেই ভালোলাগা একসময় একটু বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে নিজের ব্যাপারে উচ্চ ধারণায় নিয়ে যায়। আসলে কি আমরা বড়সড় কিছু করি? ধরেন, একসময় পকেটের টাকায় একটা মানুষকে ১০০টাকা দেয়ার যোগ্যতা ছিল। এখন আমার ৫০০টাকা দেয়ার সামর্থ্য আছে। এটা কি আমি দিলাম? আমার এই রিজিকের দ্বার খুলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা। এখানে অদ্ভুত একটা ব্যাপার আছে। আমার যোগ্যতা দিয়ে আসলে আল্লাহ ওই মানুষটাকে কিছু পাইয়ে দিলেন। আমার বেশি টাকা এখানে কোন বিষয় না। আমার কিছু টাকা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তার ব্যবহার করে জাহান্নামের আগুণ থেকে বাঁচার চেষ্টা করছি কেবল।

একইভাবে, অন্য যেকোনভাবে কারো উপকার করতে পারলে আল্লাহর শুকরিয়া করা উচিত যে নিজেকে জাহান্নাম থেকে মুক্তির একটা চেষ্টা করতে পারলাম আল্লাহর রাহমাতে, আত্মতৃপ্তিতে নিজেকে 'কিছুমিছু' ভাবার উপায় নেই। কেননা, কাউকে সাহায্য করতে পারার ক্ষমতাটুকু আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এটার ব্যবহার করলে হয়ত মুক্তি পেতে পারি, না করলে ক্ষতিগ্রস্ত। আমার *অন্তর* এখানে মুখ্য, বাহ্যিক হিসেব-নিকেশ একদমই মূল্যহীন। আল্লাহ তার ইচ্ছামতন মানুষকে যোগ্যতা দেন, যোগ্যতা বেশ হওয়ায় আমাদের গর্বিত হবার কিছু নেই। সারা পৃথিবীকে যদি আমি উপকৃত করতে পারি তাতেও আনন্দিত হবার কিছু নেই, কেননা খুব বড় কিছু করে ফেলিনি। কিছুই তো আমাদের না, আল্লাহর সম্পদই আমরা মানুষের মাঝে বিলায়, বিলিয়ে দেবার সময়ে অন্তর অবস্থাটাই আল্লাহ দেখবেন, বাহ্যিক রূপগুলো না। তাই, নিজেকে বুঝতে কেবল নিজের অন্তরের গভীরে তাকিয়ে দেখলেই হবে -- সেখানে আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু, তার প্রতি কতটা আর্তি, তার সন্তুষ্টি পেতে কতটা অশ্রুমালা, তার স্মরণে কতটা অন্যায় থেকে দূরে থাকা, অন্যায় দেখে কতটা প্রত্যয়ে প্রতিবাদ করা...


২৫ মার্চ ২০১৩

ধাক্কা শহর

শহরের বাইরে গ্রাম এলাকার বিশ্ববিদ্যালয়ে জীবন কাটিয়েছিলাম, চোখের দেখায় তরুণ-তরুণীদের পারস্পরিক সম্পর্কগুলো আর চলমান সংস্কৃতি নিয়ে অনেক চিন্তা থেকে কিছু লিখেছিলাম কয়েক বছর আগে। ইদানিং অফিস থেকে বাসা যাতায়াতেই জীবন বন্দী হয়ে গেছে। মাঝে মাঝে বের হই পথে, নতদৃষ্টিতে পথচলার পরেও বৃষ্টিভেজা বিকেলে পথিমধ্যে, আশেপাশের রিকসায়, গাছের নিচে, ভবনের ভেতরে উদ্দাম অন্তরঙ্গতার এমন সব বিষয় চোখে পড়ে, যা থেকে আর চিন্তা জাগেনা। আজকে ঢাবিতে একটা কাজে গিয়েছিলাম, কিছু দৃশ্য চোখে পড়ে গেলো যেখান থেকে চোখ সরাতে গিয়েই ভয়াবহতা ভেবে আমার মনে হয় পেটের ভেতরের খাবারগুলো পাক খেয়ে বেরিয়ে আসবে। বিবশ আমার মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে দু'আ করা ছাড়া আর কোন চিন্তা আসে না, আসেনি আজকেও।

চলে গেলেন আরেকজন মানুষ

একটু আগে রাতের খাবার খেতে বসেছিলাম, শুনলাম নিকটাত্মীয় এক চাচা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আজ সন্ধ্যায়। খবরটা শুনে কয়েক মূহুর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। চাচার সাথে আমার বেশ কিছু স্মৃতি আছে, একদম বাল্যজীবনে তিনি আমাকে খুব আদর করতেন, কোলে করে পথে ঘুরে বেড়িয়েছেন। জীবনযুদ্ধে ক্রমাগত সংগ্রাম করা একজন সরকারী চাকুরে ভালো মানুষ ছিলেন। জীবনের অভিজ্ঞতা থেকে শখ করে একটা গল্পের বই লিখেছিলেন গত বছরে। এই মানুষটা এই পৃথিবীতে আর কখনো হাঁটবেন না, কথা বলবেন না। তার চেয়েও বড় কথা, তিনি নিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়েছেন। যেখানে আমিও যাব। এই নিয়ন আলোর পথ, এনার্জি সেভিং বাল্বের উজ্জ্বল আলোতে ঝকমকে রুম নয়, মাটির নিচের অন্ধকার কবরেই আমাদের সবার ঠিকানা। চাচা কি আমাকে আদর করেছিলেন, সেই অধিকারে কিছু চাইছেন আমার কাছে? তার কঠিন সময়ে আমি যদি কিছু পাঠিয়ে দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার দরবারে? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

২৪ মার্চ, ২০১৩

অসাম্য ও নেশার শহর?

ইশার সালাত আদায় করে বাড়ি ফিরছিলাম, আধাঘন্টার উপরে রিকসার পথ পেরিয়ে এলাম। কিছুক্ষণ পরেই টের পেলাম, রিকসাওয়ালা নেশাগ্রস্ত। গা হাত চুলকাচ্ছিলো এলোমেলো। অকারণে বহুপথ ঘুরে রাস্তার পাশে রিকসা থামিয়ে কোন কথা ছাড়াই আড়ালে চলে গেলো। জায়গাটা আমার অফিস থেকে কাছেই, তাই আমি আগে জানতাম ওখানে নানান ধরণের নেশা পাওয়া যায়। এক মহিলা প্রায় সময়েই সেখানে চাদর জড়িয়ে বসে থাকে।

২৩ মার্চ, ২০১৩

সমালোচনাতেই কি মুক্তি?

সাহিত্য পড়ার সময়ে জানতাম সাহিত্য সমালোচক হতে যোগ্যতা লাগে। Ratatouille মুভিটা দেখার সময়েও খেয়াল করেছিলাম, একজন ফুড ক্রিটিকের ভাবসাবই আলাদা। তবে, আমাদের এই বঙ্গোপসাগরের পাড়ের ব-দ্বীপখানির উর্বর পলিমাটিতে ফসলের মতই সমালোচকদের বাম্পার ফলন হয়। তাইতো, বাসে-লঞ্চে, চায়ের দোকানে, অফিসের টেবিলে, কেরানি আর অফিসার সবাইই ব্যাপক রাজনৈতিক সমালোচক, কর্মীর খবর নেই। আমাদের গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মীদের হাতে থাকে চাপাতি-চাইনিজ কুড়াল, রিভলবার। তেমনি দেশের সকল ক্ষেত্রেই যেই পরিমাণ সমালোচক পাওয়া যায়, কর্মীর বড়ই আকাল। রাজনীতি,কর্মী,জ্ঞানী-গুণী সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাইনি, সে বিষয়ে আমার আগ্রহ তুলনামূলক কম।

২১ মার্চ, ২০১৩

সফলদের জীবনই সুন্দর? আমি কি সুখী নই?

# ১ #

এই জীবনে অনেকবার কিছু মানুষকে দেখে অবাক হয়েছি বিষ্ময়ে! কীভাবে পারে সে? কীভাবে পারে ওরা এত চমৎকার কাজ করতে, এত দারুণ কিছু সফলতা অর্জন করতে? কই, আমি তো পারিনা! আমিও তো কত সাধনা করেছি, চেষ্টা করেছি, তবু তো কিছু লক্ষ্য আমি কখনই অর্জন করতে পারিনি!  সময়ের সাথে সাথে এটাই উপলব্ধি করেছি, প্রতিটি জীবন আল্লাহর সৃষ্টি, প্রতিটি প্রাণ, প্রতিটি মানুষের চারপাশ তাঁরই পছন্দের দান। আমি একসময় কারো অর্জনে, সফলতায় মুগ্ধ হয়ে ভেবেছি ওরাই সুখী। অথচ তখনো আমি জানিনা সেই মানুষটার জীবনের সামনের এই সুন্দরে পেছনে এক দীর্ঘ ক্লান্তিকর কষ্ট আছে। আমি কৈশোর জীবন ধরেই আশেপাশের মানুষদেরকে তীক্ষ্ম চোখে দেখতাম, তাদের জীবনের মাঝে মিশে যাবার চেষ্টা করতাম। আমি দেখেছি, যাদের অনেক ঝাঁ-তকতকে দেখা যায় বাইরে থেকে, তাদের জীবনের পেছনে অনেক গভীর কালো অধ্যায় আছে। কিছু মানুষের রূপের ঝংকারে, ক্ষমতার ঠাঁটবাটে টেকা দায় হলেও, তাদের জীবনের পেছনেই রয়েছে দুর্গন্ধময় ঘটনা, নিকৃষ্ট অনেক আচরণ। যেমনটা আমরা দেখি, বেশিরভাগ সময়েই বাস্তবতা অমন না।

আমি অন্যরকম তাই বড় একা একা লাগে

ছোট থেকে বড় হবার পুরো সময়টাতেই আমি কখনো মিশতে পারিনি 'উরাধুরা' আলোচনার আলাপে। সবসময় নিজেকে আলাদা লাগত। চুপচাপ হয়ে হাসলেও বন্ধুরাও বুঝত আমি ঠিক ওদের মতন না। তাই হয়ত কেউ কখনো যেচে পড়ে উপকার করতে আসেনি। এই কষ্টটা কতটা সীমাহীন গভীর ছিলো তা পরীক্ষার দু'একদিন আগে টের পেতাম। তবু জানি, সব ক্ষতিকে আলিঙ্গন করেই ভীড়ের মাঝেও একলা একাই ছিলাম। তখনকার অনুভূতিরা অন্যরকম ছিলো এখনকার চাইতে। যখন নিজেকে আলাদা মনে হত, নিজের উপরেই রাগ হত, নিজেকে অসুস্থ লাগত। জানতাম না, এই 'একলা' হতে পারার মাঝে একটা গভীর রাহমাত আছে।

এখন অন্তত এটা জানি, একলা একা যারা, তারাই তো গুরাবা। তারা সবার চাইতে আলাদা। সবাই মুভি দেখবে, কনসার্টে যাবে, গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং করবে, ফোনে আলাপ করবে আবেগ ভরে, রিকসাওয়ালাকে গালাগালি দিবে, ফেসবুকে কমেন্ট জুড়ে গালি, অর্ধনগ্ন মেয়েদের মাঝে শৈল্পিকতা খুঁজবে, নাস্তিক-চে-ভক্তদের কাছে ইসলাম শিখবে, রাসূল (সা) এবং কুরআন নিয়ে 'মজা করতে' দেখলে তারা ভোঁটা অনুভূতি নিয়ে বলবে 'আল্লাহই বিচার করবে' এবং এরপর আগের মতন টাকা-ক্যারিয়ার-মৌজমাস্তি-মুভি-গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডে ফিরে যাবে... আর এসবের মাঝে আমরা আলাদা হয়ে রবো -- তেল-জল মিশ খায়না যেমন করে!

জানি, যার সাথে একা একা কথা বলা যায়, কপাল আর নাক মাটিতে স্পর্শ করে যাকে সবচাইতে কাছে পাওয়া যায়, যার কাছে চোখের অশ্রু ঢেলে মনের দুঃখ দূর করা যায়, যেদিন দেখা হবে তার সাথে, সেদিন ইনশাআল্লাহ তিনি আমাদের সকল একাকীত্ব, একলা একা থাকার অনুভূতি পূর্ণ করে দিবেন। তার ভালোবাসা আর অনুগ্রহেই পূর্ণ হবে এই অন্তর। এই শূণ্যতা, এই একলা লাগা, এই অসহ্য যন্ত্রণা, অন্তরছেঁড়া কষ্ট -- কেবল এক মহান সত্বার ভালোবাসাতেই পূর্ণ হতে পারে। এই ভাবনাটা হিমেল পরশ দেয় হৃদয়, শান্ত করে দেয় অস্থির বুক, যেন টের পাই আমার আল্লাহ আমার সাথেই আছে, এইতো আমার অশ্রুভেজা অনুভূতিতে, আমার স্পন্দনে, আমার দু'হাত তোলা আর্তিতে... ১৯ মার্চ ২০১৩

২০ মার্চ, ২০১৩

সেই সে নামায

জীবনে একটা শারীরিক সমস্যার কারণে মসজিদে গিয়ে সালাত আদায় কষ্টসাধ্য হয়ে গিয়েছিলো দীর্ঘদিন। মসজিদে নিয়মিত সবার সাথে কাতারবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশ পালনের এই এই স্নিগ্ধ অনুভূতিটা বোধকরি ভাষায় প্রকাশ করা অসম্ভব। সালাত আদায়ের সময় প্রায়ই মনে হয়, আমাদের প্রিয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তার সাহাবারা ঠিক এভাবেই রুকু করতেন, সিজদা করতেন, আমরা যা বলি, তারাও তা বলতেন। আমার মতন, আমার চারপাশের এই মুসলিম ভাইদের মতন করে সমগ্র বিশ্বেই সব মুসলিমরা একইভাবে ইমামের পেছনে দাঁড়িয়ে আল্লাহর নির্দেশ পালন করছেন। পৃথিবীর কাজে-কর্মে আটকে পড়ে আল্লাহর নির্দেশকে কেউ অমান্য করছেন না। এই অনুভূতিটুকু আমাকে অদ্ভুত একটা প্রশান্তির পরশ দেয়, যেন ঠান্ডা পানির একটা স্রোত বয়ে যায় হৃদয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যেন আমাদেরকে সুস্থতার সাথে বেঁচে থাকার, তার নির্দেশ পালন করে তার সন্তুষ্টি অর্জনের তাওফিক দেন, আর যাবার বেলায় যেন ঈমানী মৃত্যু দান করেন।

[১৬ মার্চ ২০১]

১৯ মার্চ, ২০১৩

ছেলেবেলার বন্ধু আর আলাপে জাগরণ


আজ অনেকদিন পর পুরোনো বন্ধুর সাথে দেখা হলো, আলাপ হলো। মনে পড়লো, বছর দশেক আগেও আমরা দু'জন যুহর থেকে আসর অবধি একটা সিঁড়ির উপরে অথবা পড়ে থাকা গাছের গুড়ির উপরে বসে থেকে এভাবে আলাপ করতাম। কথার বিষয়বস্তু বদলেছে বেশ একটা অংশ। তখন দু'জনেই ছিলাম রবীন্দ্র ভক্ত। মনে আছে সে 'গোরা' পড়ে আধাঘন্টার উপরে আমাকে দর্শন বুঝিয়েছিলো। শরৎবাবুর উপন্যাসের আলাপে বুঁদ হয়ে থাকতাম। চরিত্রহীন আর পল্লীসমাজ পড়িনি বলে আমার সাথে কী ভাবটাই না নিয়েছিলো !! ক্লাস নাইনে থাকতে ওর লেখা গল্প পড়তাম মুগ্ধ হয়ে, প্রতিটি ঘটনাকে তৃতীয় চোখ হয়ে বর্ণনা করে কেমন হৃদয়স্পর্শী করে দেয়া যায়, সেটাও মন দিয়ে দেখেছিলাম। আমিও সময় পেলে 'বলাকা','প্রভাতসঙ্গীত','মানসী' থেকে ঝেড়ে দিতাম, অমিত আর লাবন্যের চিঠি নিয়ে আলাপ করতেও ছাড়তাম না।

১৮ মার্চ, ২০১৩

ক্ষমা করে দিলাম


ক'দিন ধরে চলে যাবার কথা মনে হচ্ছে খুব। মনে পড়লো, যে স্কুল-কলেজের ডেস্কগুলোতে বসে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যেত, যেই গাছের নিচে বসে কৈশোর পেরিয়ে তারুণ্য ছুঁয়েছিলাম, তাকে ফেলে রেখে এসেছি অনেকদিন হলো; জানিও না কী অবস্থায় আছে, কেমন আছে সেখানকার মানুষগুলো যারা আমাকে গড়ে উঠতে সাহায্য করেছিলেন। তৃষ্ণার্ত ছিলাম বলে এক বৃদ্ধ কর্মচারী চাচা কষ্ট করে কলস থেকে পানি ঢেলে দিয়েছিলেন-- এমন একটা ঋণও শুধতে পারব না, কেননা তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন ইতোমধ্যে। ভার্সিটিতে পরীক্ষার মাঝে একবার জ্বরগ্রস্ত হয়ে কাতর হয়ে পড়েছিলাম। রুমের কেউ ভ্রূক্ষেপ না করলেও অন্য ফ্লোর থেকে এক বন্ধু এসে মুখে তুলে খাইয়ে দিয়েছিলো। আমি কাতর হয়ে আল্লাহর কাছে চেয়েছিলাম সুস্থতা -- মাত্র দেড়দিনের মাথায় উঠেও দাঁড়িয়েছিলাম।

১৩ মার্চ, ২০১৩

এই বৃষ্টিভেজা রাতে তুমি


একটা সময়ের কথা মনে পড়ে যখন ঝিরিঝিরি বৃষ্টিতে মাটির সোঁদা গন্ধ নাকে নিয়ে ভালোলাগার অদ্ভুত অনুরণনে অস্থির হয়েছি। আমার বুকের মাঝে জেগে ওঠা শূণ্যতা আর প্রকৃতির সীমাহীন সৌন্দর্যে মুগ্ধমাতাল মন আমার মাঝে সঙ্গীহীনতার একটা চিন্তাকে জাগিয়ে তুলতো।

অথচ আজ এই সুন্দর রাতে 'ইশার সালাত আদায় শেষে বৃষ্টিভেজা পিচঢালা পথ মাড়িয়ে আসার বেলায় স্নিগ্ধ বাতাসের স্পর্শ পেয়ে মনে হলো, এই অপার ভালোলাগা আমি কাউকে ভাষায় বোঝাতে পারব না। এই ভালোলাগাকে আমি প্যাকেটে ভরে রেখে দিতেও পারব না। এমনকি আমি কখনই বছরের পর বছর এই স্নিগ্ধ হাওয়া উপভোগ করতেও পারব না। আমি নশ্বর মানুষ, আমার যাবার বেলা নির্ধারিত। এই ভালোবাসা, ভালোলাগা, উদাস মন -- সবই তো ক্ষণিকের।

যেই ভালোলাগাকে উসকে দিয়ে আমি ডুব দিতাম, তাতে আমি ডুবে ভেসে রইতে পারব না অনেক লম্বা সময়! অদ্ভুত এই জীবন! জানি, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অকল্পনীয় অনুপম, নিখুঁত সৌন্দর্যের একটা ছোট্ট সৃষ্টি ও উপহার আমাদের হৃদয়ে উপচে পড়া এই অনুভূতিগুলো।

হে রাহমান, আমাদের ক্ষুদ্র জীবন পেরিয়ে এর চাইতে কোটি কোটিগুণ সুন্দর সেই ভালোলাগার বাগানে আপনার প্রিয় বান্দাদের সাথে বসে বৃষ্টিবিলাসের তাওফিক দিয়েন। আপনি তো আমাদের মালিক, আমরা আপনার তুচ্ছ বান্দা। আপনি আমাদের দয়া করুন হে সুন্দর, হে নিরুপম, হে প্রেমময়, হে অসীম দয়ালু। সমস্ত ভালোবাসা তো শুধু কেবলমাত্র আপনারই... ♥ ♥ ♥

১৩ মার্চ, ২০১৩

বদলে যাওয়া আমায় নিয়ে অবাক আমি

সবাই কতকিছু নিয়ে অবাক হয়, আর আমি অবাক হই নিজেকে নিয়েই। কী অদ্ভুত ! কী অদ্ভুত!

মানুষ বদলে যেতে থাকে, সময় পেরিয়ে যায়। মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাই আমরা, আরো কাছে, আরো কাছে, পার্থিব জীবনের একদম শেষের দিকে... কত সহজেই সময় চলে যায়।

এতগুলো বছর পেরিয়েও মনে হয় যেন আমার অর্জন কিছুই নেই, প্রাপ্তি নেই জীবনে --পৃথিবীতেই। আখিরাতের জন্য কিছু করাই হয়নি তেমন। এভাবেই জীবন শেষ হয়ে গেলেই বুঝি মানুষ আফসোস করতে চায়, আরেকবার আল্লাহর কাছে চায় যেন দুনিয়ায় ফিরে কিছু ভালো কাজ করতে পারে।

এভাবে অবহেলায়, অন্তরের মলিনতায় সময় পার করে দিয়েই বুঝি একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কতিপয় মানুষ মাটি হয়ে যেতে চাইবে।

১৩ মার্চ, ২০১৩

বিশ্বাসীদের বুমেরাং ফিরে আসে গভীরতায়

বিগত কিছুদিন অনেক মসজিদের ইমাম, কুরআনের হাফিজ, মাদ্রাসার ছাত্র এবং ছাত্র-কুলি-ব্যবসায়ী-পথচারী আমাদের 'প্রাণপ্রিয় পুলিশ ভাইদের' গুলিতে বিদ্ধ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ ও তার রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাচ্ছেতাই ভাষায় গালাগালি করার সাহস দেখানো এক পশু দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লামা আহমদ শফীর মতন আলেমদেরকে উদ্দেশ্য করে গালাগালি ছোঁড়া হয়েছে। বন্ধুদের অনেকের ভাবসাব দেখে বুঝেছি তাদের কাছে রাসূলুল্লাহ (সা) এবং তার পরিবারের নামে অশ্লীল ব্লগ লেখা বিষয়টা খুবই হালকা।

১২ মার্চ, ২০১৩

কিছুই তো আমার নয়

চারদিকের ঘটনাগুলো প্রচন্ড হতাশার উদ্রেক করতে নেয়। অরাজকতা, হত্যা, ধর্ষণ, মিথ্যা, জুলুম, ক্ষমতালিপ্সা, অত্যাচার, অবিচার, হয়রানিতে যেন ভরে গেছে এই সমাজ। ভালোবাসার জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হতে নেয় বলেই তো অন্তরের ভিতরের এই ক্ষোভ আমাদের, তাইনা? কী ভালোবাসি আমরা? আমাদের ভালোবাসা তো আমাদের রক্তসম্পর্কের আত্মীয়স্বজন, আমাদের তিলে তিলে গড়ে তোলা সম্পদ, আমাদেরই প্রিয় মানুষদের সমাজ, একটা ভাষা, একটা দেশ, একটা সুন্দর পৃথিবী... সবকিছুই যখন হুমকির মুখে, তখন অন্তর্জ্বালা আমাদেরকে অস্থির করে দেয়।

একটু ভেবে দেখি? এই আমার ঘর, আমাদের বাড়ির সীমানা, এটা কি আগেও আমাদের ছিলো? হাতবদল হয়ে এসেছে সবকিছু। এই ল্যাপটপ, মোবাইল এবং আর যত সম্পদ -- সেগুলোও হাত ঘুরে নানান উপায়ে এসেছে আমাদের হাতে। কিছুই আমাদের ছিলনা, আগামীতেও থাকবে না। আমরা অল্প সময় থাকব এই মাটির উপরে, এসেছিলাম শূণ্য হাতে, চলেও যাব শূণ্য দু'হাতে। খুব বেশি অস্থির হবার কিছু নেই আমাদের। এই জগতের, এই সৃষ্টি চরাচরের যাবতীয় ক্ষমতা যার, তিনি এখনো এই সবকিছুর মালিক, তিনি সবসময়েই রাজাধিরাজ। তিনিই আমাদেরকে ক্ষণিকের কিছু সময়ে এই জগতে পাঠিয়েছেন, তার কাছ থেকেই এসেছি আমরা, তার কাছেই ফিরে যাব।

আমার মা আমায় যতখানি ভালোবাসেন, তার চাইতে তিনি বেশি ভালোবাসেন। তিনি আমার জন্য যদি কিছু নির্ধারণ করে রাখেন, সেটা আমার জন্য পরম কল্যাণময়। তাই, আমাদের কাজ শুধুই দায়িত্বটুকু পালন করে যাওয়া। নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা জীবনধারণ করেন, যারা কেবল আল্লাহর নির্দেশ পালন করতে একসাথে ত্যাগ স্বীকার করেন -- তারাই সফল। আল্লাহ তাদেরকেই অনন্তজীবনের সাফল্যের সুসংবাদ দিবেন। আমাদের জীবন দেয়া হয়েছে, মৃত্যুও নির্দিষ্ট করেই রাখা হয়েছে, মাঝের সময়টুকু শুধু কিছু ভালো কাজের জন্যই... আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেনঃ

♥"অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যাঁর হাতে রয়েছে সমগ্র বিশ্ব-জাহানের কর্তৃত্ব। তিনি সবকিছুর ওপর ক্ষমতা রাখেন।  কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীলও।"♥---[সূরা আল মুলক ১-২]
১২ মার্চ, ২০১৩